যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট

অনলাইন ডেস্ক
বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে যুক্তরাজ্যজুড়ে দেখা দিয়েছে ব্যাপক ফ্লাইট বিপর্যয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এই কারিগরি সমস্যার কারণে দেশটির বিভিন্ন বিমানবন্দর থেকে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপের বিভিন্ন রুটেও দীর্ঘ বিলম্ব ও যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে।

ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, প্রযুক্তিগত জটিলতার কারণে মঙ্গলবার এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। একই সঙ্গে বিপুলসংখ্যক ফ্লাইট বিলম্বিত হয়।

সমস্যার সবচেয়ে বড় প্রভাব পড়ে লন্ডনের হিথ্রো, গ্যাটউইক, স্ট্যানস্টেড ও লন্ডন সিটি বিমানবন্দরে। ম্যানচেস্টার ও বার্মিংহামসহ স্কটল্যান্ডের অন্তত ১৫টি বিমানবন্দরেও এর প্রভাব পড়ে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (NATS) জানিয়েছে, সন্ধ্যার দিকে মূল সিস্টেমের ত্রুটি সমাধান করা সম্ভব হয়েছে। তবে এরই মধ্যে তৈরি হওয়া ফ্লাইট জট স্বাভাবিক করতে বিমান সংস্থাগুলোকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

প্রযুক্তিগত সমস্যার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ ১০০টির বেশি ফ্লাইট বাতিল বা পুনর্নির্ধারণ করতে বাধ্য হয়েছে। রায়ানএয়ারও ৫০টির বেশি ফ্লাইট বাতিল করেছে, যার প্রভাবে প্রায় ৬০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে ইজিজেট জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের পাশাপাশি ইউরোপজুড়ে ব্যাপক বিলম্ব দেখা দিয়েছে।

গ্যাটউইক বিমানবন্দরে এক যাত্রী প্রায় তিন ঘণ্টা বিমানে আটকে থাকার পর জানতে পারেন, তাঁর আয়ারল্যান্ডগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। পরিস্থিতিকে তিনি দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেন।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র জানিয়েছেন, এই প্রযুক্তিগত ত্রুটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এর প্রভাব আরও কিছুদিন থাকতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। এতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি, ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights