যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরানি বাহিনী: কমান্ডার

অনলাইন ডেস্ক
শত্রুপক্ষের যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় ইরানের স্থল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর স্থল বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি।

বৃহস্পতিবার কাজভিনে ১৬তম আর্মার্ড ডিভিশনের যুদ্ধ-প্রস্তুতি ও সামরিক সক্ষমতা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

আলী জাহানশাহি বলেন, দেশের সীমান্ত এলাকায় ইরানি স্থল বাহিনীর ইউনিটগুলো সক্রিয় অবস্থানে রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।

সাম্প্রতিক সংঘাতের সময় স্থল বাহিনীর ইউনিটগুলোর কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, শত্রুপক্ষের গোলাবর্ষণের মধ্যেও সেনারা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্ধারিত অবস্থানে পৌঁছে মোতায়েন হয়েছিল।

তিনি বলেন, সৈন্য, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের বড় ধরনের স্থানান্তর এমন সময়ে সম্পন্ন করা হয়েছিল, যখন শত্রুপক্ষ ড্রোন, যুদ্ধবিমান, গোয়েন্দা স্যাটেলাইটসহ বিভিন্ন নজরদারি ব্যবস্থার মাধ্যমে ইরানি বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল।

জাহানশাহি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যেও স্থল বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করেছেন এবং উচ্চ মনোবল নিয়ে ইসলামি ইরানের সীমান্ত রক্ষা করেছেন।

প্রতিরক্ষা অবস্থানে স্থল বাহিনীর সদস্যদের উপস্থিতিকে ইরানি জনগণের জন্য আশ্বাসের উৎস হিসেবে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে এই সামরিক উপস্থিতি শত্রুপক্ষকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে প্রতিরোধমূলক শক্তি হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন।

ইরানি এই কমান্ডার বলেন, স্থল বাহিনীর শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে যে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দেশের ভূখণ্ড ও স্বাধীনতা রক্ষায় দৃঢ়তা এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। সূত্র: তাসনিম নিউজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights