শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে: এস এম জিলানী

গোপালগঞ্জ প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে কোনো জাতির টিকে থাকা সম্ভব নয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে সরকার নারীদের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত শিক্ষার সুযোগ, নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত ও জাতীয়করণসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার চেষ্টা চলছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী বলেন, শুধু একাডেমিক শিক্ষার মধ্যে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্যে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।

কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বাসি-পচা খাবার পরিবেশন করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত খাবারের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পরিদর্শনকালে সংসদ সদস্য এস এম জিলানী শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, বিএনপি নেতা মানিক হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব হান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights