মাউশির চার পদের চূড়ান্ত ফলাফলের দাবিতে রংপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, রংপুর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ২০২০ সালের নিয়োগ বিজ্ঞপ্তির চার পদের চূড়ান্ত ফলাফলের দাবিতে রংপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন প্রার্থীরা।
রবিবার দুপুরে নগরীর কাচারি বাজার এলাকায় মাউশি বিভাগীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত ভাইভায় অংশ নেওয়া ৬১০ জন পরীক্ষার্থী ও তাদের স্বজনেরা অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন চূড়ান্ত ফলাফল প্রত্যাশী আন্দোলনকারীদের সভাপতি জোবায়ের আহমেদ জাকারিয়া, সদস্য সচিব লিটন কুমার বিশ্বাস, সদস্য আকতারা খাতুন, এরশাদ হোসেন, প্রদীপ চন্দ্র রায়সহ অন্যরা।
এ সময় ফলাফল প্রত্যাশীরা বলেন, ২০২০ সালে মোট ৪ হাজার ৩২টি পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ৩ হাজার ৪২২টি পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নিয়োগপ্রাপ্তরা কর্মরত আছেন। কিন্তু একই বিজ্ঞপ্তির আওতাধীন ১০ম গ্রেডের প্রদর্শক, গবেষণা সহকারী, ল্যাবরেটরি সহকারী ও সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদের মোট ৬১০টি পদের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
ফলাফল প্রত্যাশীরা আরো বলেন, মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। ফলে প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা সৃষ্টি হয়েছে। দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রার্থী ইতোমধ্যে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অতিক্রম করেছেন। অনেকে অতিক্রমের ঝুঁকিতে আছেন।
এ অবস্থায় তাদের চাকরির সুযোগ ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। একই দাবিতে বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা।
