বাগেরহাটে পানিতে ডুবে দুই চাচাতো বোনের প্রাণহানি
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে।
দুই শিশু বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া আক্তার (৯)। দুজনই স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, রবিবার সকালে কাউকে না জানিয়ে দুই চাচাতো বোন লামিয়া ও সামিয়া বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা ফুল তুলতে যায়। সাঁতার না জানার কারণে সেখানে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
সকাল ৮টার দিকে এক প্রতিবেশী ঘেরে সামিয়ার মরদেহ ভাসতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেন। তাকে উদ্ধারের পর লামিয়াকে বাড়িতে না পেয়ে স্বজনরা ওই ঘেরের পানিতে নেমে খোঁজ শুরু করেন। পরে পানির নিচ থেকে লামিয়াকেও উদ্ধার করা হয়। দুই বোনকে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ
