পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ভোটাররা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধিত ঠাকুরগাঁও-১ আসনের ভোটাররাও এ আসনের উপনির্বাচনে ভোট দিতে পারবেন। এ ছাড়া যারা নিবন্ধন করেননি তারাও আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

ইসি জানিয়েছে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের ইমেইল বা হোয়াটসঅ্যাপে সম্মতি জানাতে হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) থেকে মেসেজ পাঠানো হবে। গতকাল ইসি জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রবাসী ভোটাররা, যারা ইতিপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপসে নিবন্ধিত হয়েছিলেন তাদের ইমেইল/হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটিফিকেশন প্রদান করা হবে। ভোটদানে তাদের সম্মতি ১২ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্তির পর ভোটারদের বর্তমান ঠিকানায় ব্যালট প্রেরণ করা হবে। এ ছাড়া ভোটাররা যারা ইতিপূর্বে সংঘটিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করেননি, তারা নতুনভাবে অ্যাপে ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করে পোস্টাল ভোটিং-এ অংশগ্রহণ করতে পারবেন। তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, বাছাই ২৯ সেপ্টেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২৯ অক্টোবর। উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে আগামীকাল ১৫ সেপ্টেম্বর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। তা পূরণ করে আগামী ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় দপ্তর শাখায় জমা দিতে হবে। আগামী ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতা-কর্মীদের সাক্ষাৎকারের পর চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights