সামান্য ফাটল এড়িয়ে যাচ্ছেন? ভাঙা টেম্পার্ড গ্লাস ডেকে আনছে স্মার্টফোনের বড় বিপদ
অনলাইন ডেস্ক
অনেকের স্মার্টফোনের টেম্পার্ড গ্লাসে ফাটল ধরলেও সেটি পরিবর্তন না করে ব্যবহার করার অভ্যাস রয়েছে। সামান্য ফাটলকে তেমন গুরুত্ব না দিলেও ভাঙা টেম্পার্ড গ্লাস দীর্ঘদিন ব্যবহার করলে ফোনের পর্দা ও ব্যবহারকারীর জন্য সমস্যা তৈরি হতে পারে।
টেম্পার্ড গ্লাসের ধার থেকে ছোট কাচের টুকরা বের হয়ে এলে তা আঙুলে বিঁধে যেতে পারে। এ ছাড়া ভাঙা কাচের কণা ফোনের পর্দায় আঁচড় ফেলতে পারে। টেম্পার্ড গ্লাসে বড় ফাটল ধরে পর্দা দেখতে সমস্যা হলে বা পর্দার কোনো অংশে স্পর্শ কাজ না করলে সেটি দ্রুত পরিবর্তন করা উচিত।
টেম্পার্ড গ্লাস বদলানোর খরচ সাধারণত ফোনের মূল পর্দা পরিবর্তনের চেয়ে অনেক কম। তাই সামান্য অর্থ বাঁচাতে ভাঙা টেম্পার্ড গ্লাস দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো।
কীভাবে ভাঙা টেম্পার্ড গ্লাস খুলবেন
ভাঙা টেম্পার্ড গ্লাস খোলার সময় সতর্ক থাকতে হবে। প্রথমে ফোনটি বন্ধ করে নিতে হবে। গ্লাসটি বেশি ভেঙে গেলে এর ওপর সেলোটেপ লাগিয়ে নিলে কাচের ছোট টুকরা ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে এবং একসঙ্গে গ্লাসটি তুলে ফেলা সহজ হয়।
এরপর নখ বা পাতলা প্লাস্টিকের কার্ড দিয়ে টেম্পার্ড গ্লাসের একটি কোণা ধীরে ধীরে তুলতে হবে। এ কাজে ধাতব বা ধারালো কোনো বস্তু ব্যবহার করা উচিত নয়। এতে ফোনের পর্দায় আঁচড় পড়তে পারে।
গ্লাসটি খুলে ফেলার পর মাইক্রোফাইবার কাপড় দিয়ে পর্দা পরিষ্কার করে নতুন স্ক্রিন গার্ড লাগানো যেতে পারে।
টেম্পার্ড গ্লাসের বিকল্প কী
যাঁদের ফোন খুব বেশি পড়ে না, তাঁরা স্ক্র্যাচ থেকে পর্দা সুরক্ষিত রাখতে নমনীয় টিপিইউ বা হাইড্রোজেল ফিল্ম ব্যবহার করতে পারেন। তবে ফোন হাত থেকে পড়ে যাওয়ার আশঙ্কা বেশি হলে টেম্পার্ড গ্লাস তুলনামূলক ভালো সুরক্ষা দিতে পারে।
এর পাশাপাশি ভালো মানের বাম্পার বা রাগড কেস ব্যবহার করলে ফোনের প্রান্ত ও ক্যামেরা অংশও সুরক্ষিত থাকে। ফলে ফোন পড়ে গেলে পর্দা ও টেম্পার্ড গ্লাসের ক্ষতির ঝুঁকিও কমে।
তবে টেম্পার্ড গ্লাসে ফাটল ধরলে সেটি শুধু দেখতে খারাপ লাগছে বলে নয়, বরং নিরাপত্তা ও ফোনের পর্দার সুরক্ষার কথা বিবেচনা করেও সময়মতো পরিবর্তন করা উচিত।
