চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণ-হত্যার মামলার আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হাটহাজারী থানার এক কিশোরীকে ধর্ষণের পর হত্যার মামলায় মো. নজরুল ইসলাম প্রকাশ মিঠুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় দেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর তারই ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যা এবং মরদেহ টয়লেটের ট্যাংকিতে লুকিয়ে রাখেন মো. নজরুল ইসলাম। তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার টাকা আদায় হলে তা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী ভুক্তভোগীর বাবা মো. ছোট্ট মিয়া প্রকাশ চুট্টুকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে দণ্ড পরোয়ানাসহ কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৩ অক্টোবর সন্ধ্যায় হাটহাজারীর মির্জাপুরে খালার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় কিশোরী। তিনদিন পর ১৭ অক্টোবর দানু মিয়া ব্রিক ফিল্ডের পূর্ব পাশে পুকুরপাড়ের একটি টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পরনের কাপড় দেখে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় কিশোরীর বাবা হাটহাজারী থানায় মামলা করেন। তদন্ত শেষে নজরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights