এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

অনলাইন ডেস্ক

এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় বাংলা একাডেমির কবি শামসুর রহমান মিলনায়তনে ‘জাত্যভিমানী সংবিধানের খেরোখাতায় মানবেন্দ্র নারায়ণ লারমার সংবিধান দর্শন’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

৮৭তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি-২০২৬ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মনিরা ত্রিপুরা। সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রচিন্তায় মানবেন্দ্র নারায়ণ লারমার ভাবনা এখনো প্রাসঙ্গিক। বিভিন্ন জাতিসত্তা ও সব শ্রেণি-পেশার মানুষের অধিকার নিয়ে তাঁর চিন্তা সময়ের তুলনায় অনেক এগিয়ে ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. আমেনা মহসিন বলেন, ১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময়ই লারমা বিভিন্ন জাতিসত্তার অধিকার নিয়ে কথা বলেছিলেন। বর্তমান বাংলাদেশে জাতীয়তাবাদ ও গণতন্ত্র কতটা অন্তর্ভুক্তিমূলক, তা নিয়ে নতুন করে আলোচনা প্রয়োজন।

গবেষক ড. ইশিতা দস্তিদার বলেন, লারমার সংবিধান ভাবনা মানুষের জীবন ও অধিকারের সঙ্গে যুক্ত ছিল। পরিবেশ ও প্রতিবেশ নিয়েও তাঁর চিন্তা বর্তমান জলবায়ু সংকটের সময়ে গুরুত্বপূর্ণ।

আলোচনায় পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংকট, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার এবং বহুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠায় লারমার চিন্তার গুরুত্ব তুলে ধরা হয়। সভায় আরও বক্তব্য দেন লেখক ও গবেষক ফিরোজ আহমেদ, রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিক, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা ও বাংলাদেশ আদিবাসী ফোরামের অর্থ সম্পাদক মেইনথিন প্রমিলা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক পাভেল পার্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights