মেয়ের বিয়েতে রাজকীয় তোরণ উপহার ডেকোরেশন ব্যবসায়ী বাবার, ছবি-ভিডিও ভাইরাল
কক্সবাজার প্রতিনিধি
মেয়ের বিয়ের জন্য প্রায় এক লাখ টাকা ব্যয়ে ব্যতিক্রমী একটি তোরণ তৈরি করেছেন ডেকোরেশন ব্যবসায়ী নুরুল হাকিম ওরফে ডেকোরেশন নুরু।
কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পাশে উখিয়ার কুতুপালং এলাকায় বাহারি সাজসজ্জা ও আলোকসজ্জার তোরণটি পথচারী ও যাত্রীদের নজর কেড়েছে। এ নিয়ে নানা ধরনের ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
কুতুপালং বাজারে দীর্ঘদিন ধরে ‘রাজা ডেকোরেশন’ নামে ব্যবসা করেন নুরুল হাকিম। বিয়ের তোরণ, মঞ্চ ও আলোকসজ্জার কাজ করেন তিনি।
তোরণটি তৈরি করতে তার সময় লেগেছে টানা সাত দিন। নকশা, কাঠামো, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ নিজেই তদারক করেছেন। নুরুল হাকিম বলেন, আদরের মেয়ে সাজিয়া আফ্রিন তানিয়ার বিয়েতে ব্যতিক্রমী কিছু করার ইচ্ছে থেকেই নিজের ব্যবসার সামগ্রী ও দক্ষতা কাজে লাগিয়ে তোরণটি তৈরি করেছি।
রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, নুরুল হাকিম দীর্ঘদিন ধরে ডেকোরেশন ব্যবসা করছেন। নিজের উপার্জনের অর্থ দিয়ে মেয়ের বিয়েতে আয়োজন করেছেন। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নুরুল হাকিমের মেয়ে তানিয়ার বিয়ে।
স্থানীয় স্কুলশিক্ষক নুরুল আমিন বলেন, অন্যের বিয়ের জন্য বছরের পর বছর তোরণ তৈরি করেছেন নুরুল হাকিম। এবার নিজের মেয়ের বিয়েতে নিজের হাতেই তোরণ বানিয়েছেন। তার মতে, কুতুপালং এলাকায় এ ধরনের বড় ও ব্যয়বহুল তোরণ আগে দেখা যায়নি।
