‘জোড়া ফুল’ স্থগিত: নতুন নাম ও প্রতীক নিয়ে মাঠে তৃণমূলের দুই পক্ষ
কলকাতা প্রতিনিধি
পশ্চিমবঙ্গের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ‘জোড়া ফুল’ প্রতীক স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর দলটির মমতা ব্যানার্জি ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দুই পক্ষকে নতুন নাম ও প্রতীক দিয়েছে কমিশন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষকে পৃথক এই বরাদ্দ দেওয়া হয়।
এতে মমতাপন্থী অংশ পেয়েছে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন অংশটি ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘খাম’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
আগামী ৬ অক্টোবর রাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে এই নতুন নাম ও প্রতীক চিহ্ন নিয়ে লড়াই করবেন দুই দলের প্রার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে তৃণমূলের দুই শিবিরের সঙ্গে বৈঠকের পর ‘তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়া ফুল’ প্রতীক স্থগিত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। অন্তর্বর্তী নির্দেশে কমিশন জানায়, আসন্ন উপনির্বাচনে ‘ফ্রি সিম্বল’ বা মুক্ত প্রতীক নিয়ে লড়তে হবে উভয় পক্ষকে। সে অনুযায়ী শুক্রবার মূল নামের কাছাকাছি তিনটি বিকল্প নাম ও তিনটি প্রতীকের প্রস্তাব জমা দেওয়া হয়। সেখান থেকেই নির্বাচন কমিশন দুই দলের জন্য পৃথক নাম ও প্রতীক অনুমোদন করে।
কমিশনের এই সিদ্ধান্তের পর সংবাদ সম্মেলনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচন কমিশন আমাদের দেওয়া তৃতীয় বিকল্প নামটি দিয়েছে। প্রতীকে প্রথম পছন্দ হিসেবে আমরা ‘খাম’ চেয়েছিলাম এবং সেটিই পেয়েছি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই।”
অন্যদিকে সংবাদ সম্মেলন করে মমতাপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন, ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম গ্রহণ করা হয়েছে। দ্বিতীয়ত, প্রতীক হিসেবে গৃহীত হয়েছে একজন ফুটবলার। অতএব, আমাদের প্রার্থীরা মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামে এবং ফুটবল খেলোয়ার প্রতীক নিয়ে উপনির্বাচনের লড়াই করবে এবং নির্বাচন কমিশনের অন্তর্বর্তীকালীন নির্দেশিকাতেও দেওয়া আছে যে এটা সাময়িক, আপাতত উপনির্বাচনের জন্য এই নির্দেশিকা রয়েছে। নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে।’ তার দাবি, ‘যদিও নির্বাচনের বাইরে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখতে পারব।’
একই বিষয়ে মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি পোস্ট করে লেখেন, ‘খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাই যথেষ্ট। তৃণমূল কংগ্রেস তো তারই সৃষ্টি, এটি তারই অধিকার।’
জাতীয় কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন দল গড়েছিলেন মমতা ব্যানার্জি, যার নাম দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস। নিজের হাতে আঁকা ‘জোড়া ফুল’ প্রতীক নিয়ে ১৯৯৮ সালের ১ জানুয়ারি দলটির যাত্রা শুরু হয়। এরপর থেকে গত ২৮ বছর ধরে এই নাম ও প্রতীক ব্যবহার করেই প্রতিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আসছিল দলটি।
তবে ২০২৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে দলটির ভরাডুবির পর অভ্যন্তরে বড় ধরনের ভাঙন ধরে। মমতা ব্যানার্জি ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুটি আলাদা পক্ষ তৈরি হয়। এরপর কে আসল তৃণমূল কংগ্রেস এবং প্রতীকটির প্রকৃত দাবিদার কে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল।
