আর্জেন্টিনার এক ম্যাচ সরছে নতুন ভেন্যুতে, হতে পারে লা বোম্বোনেরায়

অনলাইন ডেস্ক

পরবর্তী ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। চলতি মাসের শেষ ও অক্টোবরের শুরুতে হওয়া সেই ম্যাচগুলোর একটির ভেন্যুতে আসছে পরিবর্তন। মূল সূচি অনুযায়ী বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচটি বুয়েনেস আইরেসের মনুমেন্টালে খেলার কথা থাকলেও ম্যাচটি সেখানে হচ্ছে না। ম্যাচটি হতে পারে বোকা জুনিয়র্সের ঘরের মাঠ লা বোম্বোনেরায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, দ্বিতীয় ম্যাচটির ভেন্যু পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। শেষ মুহূর্তে কোনো সমস্যা না হলে আগামী ৩ অক্টোবর লা বোম্বোনেরাতেই মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

লা বোম্বোনেরায় অবশ্য এটি আর্জেন্টিনার প্রথম ম্যাচ নয়। চলতি বছরের মার্চে এই মাঠেই দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়েছিল তারা।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। আন্তর্জাতিক এই বিরতিতে মোট তিনটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি খেলবে তারা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি সম্ভাব্যভাবে হবে লা বোম্বোনেরায়। ৬ অক্টোবর এল মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করবে আর্জেন্টিনা।

বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য বিশেষ। এটিই জাতীয় দলের হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ। বুয়েনস আইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টাল স্টেডিয়ামে হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

তবে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচে দর্শক উপস্থিতিতে বিধিনিষেধ থাকবে। বিশ্বকাপের সময় ঘটে যাওয়া কয়েকটি ঘটনার কারণে ফিফার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আর্জেন্টিনা। ফলে পরবর্তী দুটি ম্যাচের একটিতে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবেন এবং অন্য ম্যাচের শাস্তি পরবর্তী সময়ে কার্যকর করা হবে।

নিষেধাজ্ঞার কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যকেও পাচ্ছে না আর্জেন্টিনা। লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা সাত ম্যাচ, রবার্তো আয়ালা তিন ম্যাচ এবং থিয়াগো আলমাদা এক ম্যাচের জন্য নিষিদ্ধ। ফিফা এই ম্যাচগুলোকে ‘এ’ ক্যাটাগরির প্রীতি ম্যাচ হিসেবে বিবেচনা করবে। ফলে এই প্রীতি ম্যাচগুলোতেই নিষেধাজ্ঞার ম্যাচ গণনা শুরু করতে পারবেন শাস্তিপ্রাপ্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights