ডিম ফুটে বের হলো ১৪ পদ্মগোখরা, অবমুক্ত করা হবে বনে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি অ্যানিমেল শেডে নিবিড় পরিচর্যায় ডিম ফুটে বের হয়েছে বিষধর পদ্মগোখরার ১৪টি বাচ্চা। গত কয়েক দিন ধরে ডিম থেকে ফুটে বের হওয়া ছোট ছোট এসব সাপ দেখতে অ্যানিমেল শেডে ভিড় করছেন উৎসুক মানুষ।

সংশ্লিষ্টরা জানান, গত ৪ আগস্ট স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’র উদ্ধারকারী দলের সদস্যরা আমতলী উপজেলার বান্দ্রা এলাকায় একটি বাড়িতে সাপ উদ্ধারের জন্য যান। তবে সেখানে সাপের সন্ধান না পেলেও বাড়ির আশপাশ থেকে পদ্মগোখরার ১৪টি ডিম উদ্ধার করেন তারা। পরে ডিমগুলো কলাপাড়ার পাখিমারা এলাকায় স্থাপিত অ্যানিমেল শেডে নিরাপদে সংরক্ষণ করা হয়।

প্রায় দেড় মাস পর ডিমগুলো থেকে পর্যায়ক্রমে পদ্মগোখরার বাচ্চা ফুটে বের হতে শুরু করে। ইতোমধ্যে ১৪টি ডিম থেকেই বাচ্চা ফুটেছে। তবে বাচ্চাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরবর্তী সময়ে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সি বলেন, ‘পদ্মগোখরা সাপের ডিম ফুটতে সাধারণত প্রায় ৬০-৭০ দিন সময় লাগে। পরিবেশের তাপমাত্রা ও আর্দ্রতার ওপর ভিত্তি করে সময় কিছুটা হের-ফের হতে পারে। স্ত্রী পদ্মগোখরো সাধারণত সর্বোচ্চ ৩০টি পর্যন্ত ডিম দেয়। ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময়ই বিষধর সাপের নিজস্ব চলন সক্ষমতা থাকে।

বায়েজিদ বলেন, ‘বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীতে কথা বলে ওনাদের দিকনির্দেশনায় খুব শিগগিরই বন বিভাগের সংরক্ষিত বনে সাপের বাচ্চাগুলো অবমুক্ত করা হবে। বর্তমানে বাচ্চাগুলো আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ‘এটি একটা মহতি উদ্যোগ। প্রাণীকূলসহ জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগের বিকল্প নেই। কেবল ডিম থেকে ফোটা বিষধর সাপের এই বাচ্চাগুলোকে নিবিড় পর্যবেক্ষণ শেষে অবমুক্ত করা হবে।’ এনিমেল লাভার্স সংগঠনকে তিনি এমন উদ্যোগের জন্য স্বাগত জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights