মক্কায় হুতিদের ড্রোন হামলার অভিযোগ সৌদির, সতর্ক করল ইরান

অনলাইন ডেস্ক
মক্কার দিকে ইয়েমেনের হুতিদের ড্রোন পাঠানোর অভিযোগ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো পক্ষকে দায়ী করা হলে তা আঞ্চলিক উত্তেজনা বাড়াতে এবং মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ উসকে দিতে পারে।

বৃহস্পতিবার এক্সে দেওয়া এক বিবৃতিতে বাঘাই বলেন, মক্কা, মদিনা ও আল-আকসা মসজিদের মতো ইসলামি পবিত্র স্থাপনায় যেকোনো হামলা বা এসব স্থানের হাজি ও আশপাশের মানুষের জন্য হুমকি নিন্দনীয়। তবে মক্কার দিকে যাওয়া একটি ড্রোন ভূপাতিত করার দাবির ভিত্তিতে কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। হুতিরা ইতিমধ্যে এই অভিযোগ অস্বীকার করেছে।

বাঘাই আরও বলেন, ইসলামি পবিত্র স্থানগুলোর নিরাপত্তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা বা এ নিয়ে উত্তেজনা সৃষ্টি করা থেকে আঞ্চলিক পক্ষগুলোর বিরত থাকা উচিত। তিনি মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ে জনমত অন্যদিকে ঘোরানো ও মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ তৈরির জন্য ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান চালানো হয়েছে বলেও দাবি করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, মক্কার দক্ষিণে একটি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি ঘটনাটিকে ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেন।

তবে বুধবার হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি অভিযোগটি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে অস্বীকার করেন। তিনি দাবি করেন, তাদের অভিযান সৌদি আরবের সামরিক ঘাঁটি ও তেল স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়, পবিত্র স্থাপনাগুলো নয়।

এদিকে ইয়েমেনের এডেনের কাছে একটি ট্যাংকারকে একটি ছোট নৌযান ধাওয়া ও আটকের চেষ্টা করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকেমটিও। ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইকোনমিক টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights