কাঁধে স্কুলব্যাগ, গলায় পানির বোতল, ৫০ বছর পর শৈশবে ফিরলেন সহপাঠীরা
অনলাইন ডেস্ক
কাঁধে স্কুলব্যাগ, গলায় রঙিন পানির বোতল। পরনে স্কুলের পোশাক। দেখলে মনে হবে, স্কুলে যাচ্ছে একদল শিক্ষার্থী। তবে তারা কেউ বর্তমানের শিক্ষার্থী নন। জীবনের পড়ন্ত বেলায় এসে পাঁচ দশক আগের ফেলে আসা শৈশবে ফিরে গেলেন একদল পুরোনো সহপাঠী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনই এক আবেগঘন পুনর্মিলনীর ভিডিও প্রকাশ করেন রাকেশ নগর। ভিডিওতে দেখা যায়, ১৯৭৬ ব্যাচের একদল সহপাঠী বহু বছর পর তাদের পুরোনো বিদ্যালয়ে একত্রিত হয়েছেন।
পুরোনো স্কুলের ইউনিফর্মের সঙ্গে মিল রেখে শার্ট-প্যান্ট পরে স্কুলে হাজির হন তারা। কাঁধে ব্যাগ, গলায় পানির বোতল নিয়ে প্রায় ৫০ বছর আগের শৈশবের স্মৃতি নতুন করে ফিরিয়ে আনেন।
স্কুলের মূল ফটক দিয়ে ঢোকার মুহূর্তেই যেন বয়সের ব্যবধান ভুলে যান তারা। মুখে হাসি নিয়ে উচ্ছ্বাসে ক্যাম্পাসে প্রবেশ করেন। এরপর মেতে ওঠেন শৈশবের খেলায়। একসঙ্গে বসে জনপ্রিয় ‘পিঠঠু’ খেলতে দেখা যায় তাদের। পরে সবাই মিলে লাইন ধরে ছোটদের মতো ‘রেলগাড়ি’ সেজে নেচে-গেয়ে স্কুলের মাঠ মাতিয়ে তোলেন।
পুনর্মিলনী নিয়ে রাকেশ নগর জানান, পুরোনো স্মৃতিগুলো আবার ফিরিয়ে আনলে কেমন লাগবে, তা নিয়ে তারা প্রায়ই ভাবতেন। একপর্যায়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন তারা।
রাকেশ বলেন, ‘আমরা সবাই সেই স্কুলেই হাজির হয়েছিলাম, যেখানে একসময় হাসতাম, খেলতাম আর একে অপরের সঙ্গে গভীর বন্ধনে জড়িয়েছিলাম।’
ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘১৯৭৬ ব্যাচের আমার শৈশবের বন্ধুরা।’
ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মধ্যেও ব্যাপক সাড়া পড়ে। অনেকেই নিজেদের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন। একজন জানান, এখনো তার স্কুলবন্ধুদের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি। আরেকজন বলেন, ভিডিওটি দেখে তার মন আনন্দে ভরে গেছে।
১৯৭৬ ব্যাচের এই বন্ধুদের কাছে দিনটি ছিল শুধু একটি পুনর্মিলনী নয়। কয়েক ঘণ্টার জন্য তারা ফিরে গিয়েছিলেন সেই পুরোনো স্কুলে, যেখানে কেটেছিল জীবনের শৈশবের দিনগুলো। পার্থক্য শুধু একটাই, এবার সেই ছোটবেলার সঙ্গে যোগ হয়েছিল ৫০ বছরের স্মৃতি।
সূত্র: ইন্ডিয়া টুডে
