হিলিতে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগ
অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস, মানবিক মূল্যবোধ, ধৈর্য, অধ্যবসায় ও দায়িত্ববোধ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে আলোচনা সভা ও বিনামূল্যে সঞ্চয়ী ব্যাংক বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
রবিবার বসুন্ধরা শুভসংঘের হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ১৫০টি সঞ্চয়ী ব্যাংক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্রজীবন শুধু বই-খাতা ও পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একজন মানুষের ভবিষ্যৎ জীবন গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা, আত্মনির্ভরতা ও পরিকল্পিত জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে। সঞ্চয়ের অভ্যাসও এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
তারা বলেন, অনেকের ধারণা, সঞ্চয় শুধু বড়দের বিষয়। কিন্তু বাস্তবে ছোটবেলা থেকেই অল্প অল্প করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুললে একজন শিক্ষার্থী অর্থের সঠিক ব্যবহার ও পরিকল্পিত ব্যয়ের বিষয়ে সচেতন হয়ে ওঠে। এতে ভবিষ্যতের প্রয়োজন মেটানোর পাশাপাশি আত্মনির্ভরতা ও মানসিক নিরাপত্তার ভিত্তিও তৈরি হয়। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে অপ্রয়োজনীয় খরচের প্রবণতা কমিয়ে সঞ্চয়ী মনোভাব তৈরি করা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. সেলিম হোসেন শিক্ষার্থীদের সঞ্চয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ শিক্ষার্থীদের অর্থের মূল্য ও সঠিক ব্যবহারের বিষয়ে সচেতন করবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী চাইলে নিজের সামর্থ্য অনুযায়ী বিভিন্নভাবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে পারে। নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং দায়িত্বশীল জীবনযাপনের মাধ্যমে ভবিষ্যতে আত্মনির্ভর হয়ে ওঠার প্রস্তুতি নিতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য দিকনির্দেশনা দেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিদিনের সামান্য সঞ্চয়ও একসময় বড় হয়ে উঠতে পারে। তাই প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার অভ্যাস করতে হবে। একই সঙ্গে সঞ্চয়ের পাশাপাশি সততা, পরিশ্রম, ধৈর্য ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে পাউসগাড়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ইউসুফ আলী, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সহসভাপতি রবিউল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ ইসলাম, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, মুস্তাকিম ইসলাম, কার্যকরী সদস্য শাহরিয়ার নাজিম শিহাবসহ শিক্ষক, সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সঞ্চয়ী ব্যাংক হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আনন্দ দেখা যায়। আয়োজকদের আশা, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে এবং তারা ভবিষ্যৎ জীবন সম্পর্কে আরও দায়িত্বশীল ও পরিকল্পনামুখী হয়ে উঠবে।
