নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ২৮ জুয়াড়ি আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার খাজা সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে ২৮ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমরা গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার খাজা সুপার মার্কেটের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করি। আমাদের কাছে খবর ছিলো এখানে প্রতিদিন টাকা-পয়সা দিয়ে অবৈধভাবে জুয়ার খেলার আসর বসতো। সেই সাথে আকটকৃতদের সাথে কথা বলে জানতে পারি তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নারায়ণগঞ্জে এসে বিভিন্ন কলকারখানায় চাকরি করে এখানে এসে জুয়া খেলতো।
তিনি আরও বলেন, অভিযান পরিচালনাকালে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়। এটা একটা সামাজিক অবক্ষয়। যারা এখানে আসে তাদের অনেকেই পরিবার সহ এখানে থাকে না। তারা এখানে চাকরি করে; কিন্তু পরিবারের কাছে টাকা না পাঠিয়ে সন্তানদের পড়ালেখার খরচ না দিয়ে জুয়া খেলে টাকা নষ্ট করে; যা সামাজিক অবক্ষয়। এ জন্য তাদের আটক করে আইনের আওতায় আনা প্রয়োজন। তাই আমরা অভিযান পরিচালনা করেছি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
