প্রসূতির মৃত্যুতে ক্লিনিক সিলগালা, গোপনে ফের চালু; এবার মিলল বিপুল পরিমাণ সরকারি ইনজেকশন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বেসরকারি ক্লিনিকে বিপুল পরিমাণ ব্যবহৃত সরকারি ইনজেকশন পাওয়া গেছে। এর আগে গত বছরের ৪ নভেম্বর ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় ওই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছিল।

রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে শহরের জনসেবা ক্লিনিকে বিপুল পরিমাণ ব্যবহৃত এন্টিবায়োটিক ইনজেকশন সেফট্রিয়াক্সন ও ইসোমিপ্রাজল ইনজেকশন পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন আহমেদ ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক ক্লিনিকের নিচতলা ও দ্বিতীয় তলায় ওই ইনজেকশনগুলো দেখতে পান।

এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, এর আগে গত বছরের ৪ নভেম্বর ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় জনসেবা ক্লিনিক সিলগালা করা হয়েছিল। কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়া গোপনে আবারো ক্লিনিকটি চালু করার খবর শুনে ক্লিনিকে এসে তিনি সরকারি ইনজেকশন দেখতে পান। এসময় ক্লিনিকে অবস্থানরত নার্স, মিডওয়াইফসহ সংশ্লিষ্টরা সটকে পড়েন।

পরে মালিককে না পেয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ব্যবহৃত সরকারি ওষুধগুলো জব্দ না করেই ক্লিনিকটি পুনরায় সিলগালা করেন। ক্লিনিকের স্টোরে অব্যবহৃত আরো সরকারি ওষুধ আছে কিনা, তালাবদ্ধ থাকায় তা দেখতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

স্থানীয়রা জানান, জনসেবা ক্লিনিকসহ তাওহীদ রহমানের মালিকানাধীন নিউ লাইফ ক্লিনিক এবং নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টারে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়ে আসছেন। স্থানীয়দের অভিযোগ, সিলগালা করার পরও কোনো অনুমতি ছাড়া পুনরায় ক্লিনিকটি চালু করা হলেও স্বাস্থ্য বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন আহমেদ বলেন, সিলগালা করার পর অনুমতি ছাড়া ক্লিনিক খোলা এবং সরকারি ওষুধ ব্যবহারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights