অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ নৌকাডুবির ঘটনা ঘটে।

ওসি সাইফুল ইসলাম বলেন, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮ বাংলাদেশি ও ৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনো এক নারী নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, নৌকাটির যাত্রীরা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন।

ওসি আরও জানান, কী কারণে নৌকাটি ডুবে গেছে, তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনায় মানব পাচারকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

নিহত নারী ও শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights