হুতির ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

অনলাইন ডেস্ক

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর তায়েফ ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বন্দরনগরী ইয়ানবুকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের পক্ষ থেকে দেয়া এক বিশেষ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বিবৃতিতে জানান, সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সময়োচিত ও সফল তৎপরতার মাধ্যমে হুতি মিলিশিয়াদের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। এর ফলে তায়েফ ও ইয়ানবুতে জোড়া হামলার একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

বিদ্রোহীদের কড়া হুঁশিয়ারি দিয়ে মুখপাত্র আল-মালিকি আরও বলেন, সংঘাত উস্কে দেওয়ার যেকোনো চেষ্টা বা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়া হবে। তবে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ নিচে পড়ে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তা‌রিত কিছু জানানো হয়নি।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights