এবার ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার বেলা সোয়া ১২ টার দিকে ওই মিছিল থেকে চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটানোর তথ্য দিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম।

তিনি বলেন, ‌‘একদল লোক মিছিল করার উদ্দেশ্যে জড়ো হলে, পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সে সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।’

ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয় বলেও জানিয়েছেন ওসি।

মিছিলের ব্যানারে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ লেখা দেখা গেছে। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একদল মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মিছিলটি ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়ে ২৭ নম্বর সড়কের বাটার বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটনানো হয়।

আটকদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি ইমদাদুল।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন। ওই সময় হাতবোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনাও ঘটে।

এ ঘটনায় করা মামলায় এ পর্যন্ত মোট ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা বলেছে পুলিশ। তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। মিছিল নিয়ে ব্যপক আলোচনার মধ্যে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে এবং গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights