হুতিদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াচ্ছে গোয়েন্দা যুদ্ধ

অনলাইন ডেস্ক

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে হুতিদের অগ্রযাত্রা থমকে যাওয়ার পেছনে শুধু তাদের জনবল বা সামরিক শক্তি দায়ী নয়; বরং রাশিয়া ও ইরানের সমন্বিত গোয়েন্দা ও কমান্ডব্যবস্থার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে সেই ব্যবস্থার দুর্বলতাগুলো এখন সৌদি নেতৃত্বাধীন বাহিনী কাজে লাগাতে শুরু করেছে বলে দাবি করা হয়েছে এক সামরিক বিশ্লেষণে।

বিশ্লেষণটিতে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশভিত্তিক ভূ-স্থানিক গোয়েন্দা তথ্য (জিওইন্ট) ও সিগন্যাল গোয়েন্দা তথ্য (সিগইন্ট) ইরানের নেতৃত্বাধীন কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থার (সি২) সঙ্গে যুক্ত করা হয়েছিল। পরে এসব তথ্য হুতিদের সামরিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়।

একই সঙ্গে ইয়েমেনের পশ্চিমাঞ্চলে তারিক সালেহের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের (এনআরএফ) ভেতরে মানব গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে।

এর ফলে পশ্চিম উপকূলীয় ফ্রন্টে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর অবস্থান, যোগাযোগব্যবস্থা, সেনা মোতায়েন ও কমান্ড কাঠামোর দুর্বলতা চিহ্নিত করা সম্ভব হয়েছিল। সেই দুর্বলতাকে কাজে লাগিয়েই হুতিরা অগ্রসর হতে পেরেছিল বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

মহাকাশ থেকে যুদ্ধক্ষেত্রের চিত্র
বিশ্লেষণটির লেখক দাবি করেছেন, তার তৈরি ‘প্রজেক্ট অরোরাহ’ নামের একটি জিওইন্ট ও সিগইন্ট ফিউশন ব্যবস্থার মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ইরাক, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের ওপর রাশিয়ার সামরিক নজরদারি কার্যক্রম শনাক্ত ও ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা হয়েছিল।

তার দাবি, ওই প্রকল্পের একটি বিশেষভাবে নিয়ন্ত্রিত অংশ রাশিয়ার কক্ষপথভিত্তিক গোয়েন্দা কার্যক্রমকে একটি সমন্বিত বহুসেন্সর ব্যবস্থা হিসেবে পুনর্গঠন করে। এর মাধ্যমে ইরান কীভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং মার্কিন সামরিক স্থাপনায় নির্ভুল হামলার আগে গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে, তার একটি চিত্র পাওয়া যায়।

বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট গোয়েন্দা তথ্যের ব্যবহার এখন শুধু নজরদারির মধ্যে সীমাবদ্ধ নেই। বরং হামলা চালানোর আগেই বাহিনীর অবস্থান, চলাচলের পথ, সদর দফতর ও রসদ সরবরাহের পরিবর্তন সম্পর্কে একটি পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্রের চিত্র তৈরিতে এসব তথ্য ব্যবহৃত হচ্ছে।

একাধিক স্যাটেলাইট, একীভূত গোয়েন্দা তথ্য
একটি মাত্র স্যাটেলাইটের ওপর নির্ভর না করে বিভিন্ন ধরনের গোয়েন্দা স্যাটেলাইটের তথ্য সময়ের সঙ্গে সমন্বয় করাই এই ব্যবস্থার বড় সুবিধা বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

ভূ-স্থানিক গোয়েন্দা তথ্যের মাধ্যমে কোথায় কোন বাহিনী মোতায়েন রয়েছে বা তাদের গতিবিধি কী, তা বোঝা যায়। অন্যদিকে সিগন্যাল গোয়েন্দা তথ্যের মাধ্যমে বিভিন্ন যোগাযোগব্যবস্থা, ইলেকট্রনিক সংকেত, কমান্ড কাঠামো ও যোগাযোগের ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সময় রাশিয়ার স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য কীভাবে ইরানের নির্ভুল হামলার সক্ষমতা বাড়িয়েছে, ইয়েমেনের ক্ষেত্রেও সেই মডেল ব্যবহৃত হয়েছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

ইয়েমেনে গোয়েন্দা তথ্যের সঙ্গে মানবসূত্রের সমন্বয়
ইয়েমেনে এই গোয়েন্দা তথ্যকে কার্যকর সামরিক সুবিধায় রূপান্তরের ক্ষেত্রে ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে।

রাশিয়া থেকে পাওয়া তথ্যের সঙ্গে হুতিদের নিজস্ব মাঠপর্যায়ের তথ্য এবং ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের ভেতরে থাকা মানব গোয়েন্দা নেটওয়ার্কের তথ্য একত্র করা হয়েছিল। এর মাধ্যমে তারিক সালেহের বাহিনীর কমান্ড কাঠামো কীভাবে কাজ করছে, কোন সদর দফতর কার্যকর রয়েছে, কোথায় বাহিনীর অবস্থান সম্পর্কে ভুল তথ্য দেওয়া হচ্ছে এবং কোথায় যোগাযোগ ও কমান্ডে ঘাটতি রয়েছে- এসব শনাক্ত করা সম্ভব হয় বলে বিশ্লেষণে বলা হয়েছে।

এর ফলে সৌদি নেতৃত্বাধীন জয়েন্ট ফোর্সেস কমান্ড (জেএফসি) এবং ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের মধ্যে সমন্বয়ের দুর্বল জায়গাগুলো হুতিরা কাজে লাগাতে পেরেছিল।

ভুল তথ্যেই ভেঙে পড়ে পশ্চিমাঞ্চলীয় ফ্রন্ট
বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুদ্ধক্ষেত্রে মূল সমস্যা ছিল কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ভেঙে পড়া।

একদিকে জয়েন্ট ফোর্সেস কমান্ডের সদর দফতর ও ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেসের কিছু ইউনিটের মধ্যে একটি কমান্ড চ্যানেল ছিল। অন্যদিকে এসব ইউনিটের নিজেদের মধ্যে এবং তাদের ঊর্ধ্বতন কমান্ডের সঙ্গে আরেকটি যোগাযোগব্যবস্থা ছিল। দুটি ব্যবস্থাই যখন অবিশ্বস্ত হয়ে পড়ে, তখন নিচের দিক থেকে ভুল তথ্য ওপরে যেতে থাকে এবং ওপর থেকে বিভ্রান্তিকর বা বিকৃত নির্দেশ নিচের দিকে পৌঁছাতে থাকে। এর প্রভাব পড়ে সরাসরি যুদ্ধক্ষেত্রে।

একজন এনআরএফ কমান্ডার একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখার নির্দেশ পাওয়ার পরও সেখান থেকে সরে যান বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। আরেক কমান্ডার দাবি করেন, একটি ইয়েমেনি সামরিক ইউনিট বিমানঘাঁটি ছেড়ে গেছে। পরে দেখা যায়, ওই ঘাঁটিতে তখনও সেনাসদস্যরা অবস্থান করছিলেন। ফলে নিজেদের বাহিনীর অবস্থান সম্পর্কে কমান্ডারদের কাছে ভুল তথ্য পৌঁছায় এবং হামলায় হতাহতের ঝুঁকি বাড়ে।

মোখা এলাকায় মোতায়েন সৌদি বিশেষ বাহিনীর একটি ইউনিট প্রথম বুঝতে পারে যে, মাঠপর্যায়ে বাহিনীর প্রকৃত অবস্থান এবং কমান্ড সিস্টেমে থাকা তথ্যের মধ্যে বড় ধরনের অসামঞ্জস্য তৈরি হয়েছে।

বিমান হামলাতেও তৈরি হয় সংকট
সৌদি নেতৃত্বাধীন বাহিনী হামলার প্রস্তুতি নিলেও নিজেদের সেনাদের অবস্থান নিশ্চিতভাবে জানা না থাকায় বিমানশক্তি অবাধে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে।

সমস্যা আরও বাড়ে যখন এনআরএফ-এর কয়েকটি ব্রিগেড সক্রিয় করার সময় দেখা যায়, নিবন্ধিত সদস্যদের ৫০ থেকে ৬০ শতাংশই দায়িত্বে হাজির হননি। অথচ এর আগে জয়েন্ট ফোর্সেস কমান্ড কয়েক মাস ধরে এসব সদস্যের বায়োমেট্রিক নিবন্ধন, বেতন পুনর্বহাল এবং বাহিনী পুনর্গঠনের কাজ করেছিল।

গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র জাবাল আল-নারকে ঘিরে সমন্বয় দুর্বল হয়ে পড়ার পর এনআরএফ-এর কয়েকটি ইউনিট হুতিদের প্রধান বাহিনী সেখানে পৌঁছানোর আগেই নিজেদের অবস্থান ছেড়ে দেয় বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

মোখার ব্যর্থতা থেকে শিক্ষা
মোখা এলাকার এই ব্যর্থতাকেই এখন সৌদি নেতৃত্বাধীন বাহিনীর জন্য বড় শিক্ষা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষণে বলা হয়েছে, সৌদি-ইয়েমেনি এবং সৌদি-পাকিস্তানি যৌথ টার্মিনাল অ্যাটাক কন্ট্রোলার (জেটিএসি) দলগুলো এখন উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সামরিক ইউনিটগুলোর সঙ্গে যুক্ত করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো মাঠপর্যায়ের বাহিনী এবং জয়েন্ট ফোর্সেস কমান্ডের হামলা-ব্যবস্থার মধ্যে একটি যাচাইকৃত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা।

একই সঙ্গে সৌদি অপারেশনাল মেন্টরিং অ্যান্ড লিয়াজোঁ টিম (ওএমএলটি) ইয়েমেনি বাহিনীগুলোর জনবল, অবস্থান ও যুদ্ধপ্রস্তুতি স্বাধীনভাবে যাচাই করছে বলে দাবি করা হয়েছে।

নির্দেশের ইতিবাচক যাচাই, পৃথক ও নিয়ন্ত্রিত তথ্যপ্রবাহ এবং বিকল্প এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থার মাধ্যমে মোখায় যে, দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছিল, সেগুলোও কমানোর চেষ্টা চলছে।

আগেও একই কৌশল ব্যবহার করেছে সৌদি আরব
বিশ্লেষণ অনুযায়ী, সৌদি আরব এর আগে ভিন্ন এক প্রতিপক্ষের বিরুদ্ধেও একই ধরনের কৌশল ব্যবহার করেছে।

২০২৬ সালের জানুয়ারিতে সৌদি নেতৃত্বাধীন জয়েন্ট ফোর্সেস কমান্ডের সামরিক কাউন্টার-ইন্টেলিজেন্স দক্ষিণ ইয়েমেনে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সামরিক কার্যক্রম পরিচালনাকারী কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা চিহ্নিত করে ধাপে ধাপে দুর্বল করে দেয় বলে দাবি করা হয়েছে।

মাঠপর্যায়ে যোগাযোগ ও লক্ষ্য নির্ধারণের ব্যবস্থাও সচল রাখা হয়েছিল। ফলে বাহ্যিক সহায়তার স্তরটি দুর্বল হয়ে পড়ার পর সংযুক্ত আরব আমিরাতসমর্থিত ইউনিটগুলো দ্রুত নিজেদের কার্যক্ষমতা হারায় এবং সৌদি নেতৃত্বাধীন অভিযানের চাপে পিছু হটে বলে বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।

হুতিদের ব্যবস্থাও এখন ঝুঁকির মুখে
হুতিদের সহায়তা করা রাশিয়া-ইরানের গোয়েন্দা ও কমান্ডব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি উন্নত হলেও এর মধ্যেই বড় দুর্বলতা রয়েছে বলে বিশ্লেষণে বলা হয়েছে।

এই ব্যবস্থার জন্য নিরাপদ যোগাযোগ, বিশেষজ্ঞ জনবল, গোয়েন্দা তথ্য একীভূত করার কেন্দ্র, কারিগরি পরামর্শক এবং সানা ও যুদ্ধক্ষেত্রের সদর দফতরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রয়োজন।

এসব সংযোগের কোনও একটি স্তর ভেঙে পড়লে পুরো ব্যবস্থার কার্যকারিতা কমে যেতে পারে। বিশ্লেষণটির দাবি, এসব দুর্বলতাকেই এখন লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সানায় হুতিদের শীর্ষ কমান্ডে বড় ধাক্কার দাবি
১৯ সেপ্টেম্বর রাতে ইরান-সমর্থিত হুতিদের শীর্ষ পর্যায়ের কমান্ড ও নিয়ন্ত্রণ কাঠামোয় বড় ধরনের আঘাত হানা হয়েছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

এতে অন্তত দুই মেজর জেনারেল, সাত ব্রিগেডিয়ার জেনারেল এবং ৩২ কর্নেলসহ একাধিক গুরুত্বপূর্ণ হুতি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তাদের সঙ্গে তাৎক্ষণিক সহকারী, স্টাফ ও যোগাযোগব্যবস্থার দায়িত্বে থাকা সদস্যরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া মেজর জেনারেলের চেয়েও উচ্চপদমর্যাদার কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদেশি ব্যক্তিদেরও নিষ্ক্রিয় করা হয়ে থাকতে পারে বলে বিশ্লেষণে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে এসব তথ্যের বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি এবং স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি।

সংখ্যা নয়, কমান্ডব্যবস্থার ওপর আঘাতই গুরুত্বপূর্ণ
বিশ্লেষণের মতে, হতাহতের সংখ্যা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কমান্ড কাঠামোর ওপর এর প্রভাব।

সামনের সারির কমান্ড দুর্বল করার পাশাপাশি সানায় হুতিদের উচ্চপর্যায়ের সদর দফতরগুলোতেও ধারাবাহিক বিমান হামলা চালানো হলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সিদ্ধান্ত গ্রহণ, লক্ষ্য নির্ধারণ এবং সামরিক অভিযান পরিচালনার মধ্যকার সংযোগ দুর্বল হয়ে পড়ে।

সদর দফতরগুলো স্থান পরিবর্তন করতে বাধ্য হলে, বেঁচে থাকা কমান্ডাররা অধীনস্থ ইউনিটের সঙ্গে নতুন করে যোগাযোগ স্থাপনের চেষ্টা করলে এবং ইরানি উপদেষ্টারা বিকল্প যোগাযোগপথ তৈরি করলে নতুন নতুন যোগাযোগ ও অবস্থানগত সংকেত তৈরি হয়। এগুলো শনাক্ত ও বিশ্লেষণ করা সম্ভব বলে দাবি করা হয়েছে।

কেন পশ্চিম উপকূলে আগের গতি ফিরছে না
এই কারণেই হুতিদের পশ্চিম উপকূলীয় ফ্রন্টের মতো দ্রুত অগ্রগতি এখন আর দেখা যাচ্ছে না বলে বিশ্লেষণে বলা হয়েছে।

যে কমান্ড ও যোগাযোগব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে হুতিরা আগে সাফল্য পেয়েছিল, সেগুলো সৌদি নেতৃত্বাধীন বাহিনী এখন শক্তিশালী করছে। বিপরীতে হুতিদের নিজেদের বহিরাগত সহায়তাপ্রাপ্ত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

অর্থাৎ পশ্চিম উপকূলের ব্যর্থতা সৌদি নেতৃত্বাধীন বাহিনীর জন্য স্থায়ী দুর্বলতা হয়ে থাকেনি; বরং সেটি এখন তাদের সামরিক কৌশল পরিবর্তনের বড় শিক্ষা হিসেবে কাজ করছে।

বদলে যাচ্ছে যুদ্ধের সামরিক সমীকরণ
২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জয়েন্ট ফোর্সেস কমান্ড কমান্ড, যোগাযোগ, গোয়েন্দা ও যুদ্ধ সক্ষমতার সমন্বিত ব্যবস্থা-অর্থাৎ সি৬আইএসআর- উন্নয়নে জোর দিয়ে আসছে। লক্ষ্য নির্ধারণ এবং গোয়েন্দা তথ্য থেকে দ্রুত হামলা চালানোর সক্ষমতাও বাড়ানো হয়েছে বলে বিশ্লেষণে দাবি করা হয়েছে।

একই সময়ে হুতিদের দীর্ঘদিনের হামলা ও সামরিক চাপ সৌদি আরবের এতদিনের সংযত নীতির সীমাও ক্ষয় করেছে বলে বিশ্লেষকের মত।

ফলে বড় ধরনের সৌদি নেতৃত্বাধীন স্থল, আকাশ ও নৌ অভিযান শুরু হলে তা এমন এক প্রতিপক্ষের বিরুদ্ধে হতে পারে, যার বহিরাগত কমান্ড ও গোয়েন্দা সহায়তা এরই মধ্যে চাপের মুখে রয়েছে।

নির্ণায়ক হয়ে উঠছে ‘গোয়েন্দা যুদ্ধ’
বিশ্লেষণের মূল বক্তব্য হলো, হুতিদের সামরিক সক্ষমতা শুধু তাদের নিজস্ব অস্ত্র বা জনবলের ওপর নির্ভর করছে না। রাশিয়ার স্যাটেলাইট ও সিগন্যাল গোয়েন্দা তথ্য, ইরানের সমন্বয় এবং হুতিদের মাঠপর্যায়ের তথ্য- এই তিন স্তরের সমন্বয় তাদের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছিল।

কিন্তু একই ব্যবস্থা এখন তাদের জন্য দুর্বলতার কারণও হয়ে উঠতে পারে। কারণ উন্নত কমান্ডব্যবস্থা যত বেশি নির্ভর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ, বিশেষজ্ঞ জনবল ও নির্দিষ্ট গোয়েন্দা অবকাঠামোর ওপর, সেসব অবকাঠামো ধ্বংস বা বিঘ্নিত হলে পুরো ব্যবস্থার কার্যকারিতাও দ্রুত কমে যেতে পারে।

ফলে ইয়েমেনের চলমান সংঘাতে এখন শুধু যুদ্ধক্ষেত্রে কে কত সেনা বা অস্ত্র মোতায়েন করছে, সেটিই গুরুত্বপূর্ণ নয়। বরং কে আগে প্রতিপক্ষের গোয়েন্দা তথ্য, যোগাযোগ ও কমান্ডব্যবস্থা বুঝতে এবং অকার্যকর করতে পারছে, সেটিই হয়ে উঠতে পারে যুদ্ধের ফল নির্ধারণের অন্যতম প্রধান বিষয়। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights