বিশ্বনাথে জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ধানি জমির মালিকানা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। রবিবার বেলা ২টার দিকে উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লামাকাজি ইউনিয়নের ভুরকি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে একটি ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে দুই পক্ষ মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কবির হোসেন ধলা মিয়া, মো. মাসুক মিয়া, কবির মিয়া, মিজানুর রহমান, আতিকুর রহমান, আব্দুল ওয়াহিদ টিটন, জাকির আহমদ, হাজী ছফির আলী, তাজ মিয়া, জনি আহমদ, জয়নাল মিয়া, কয়ছর মিয়া, জমিল মিয়া, সাইদ উদ্দিন ও আলিম উদ্দিন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
