সাহস দেখিয়ে লড়লেন রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে এক মহিলার টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় রিকশাচালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। ঘটনার পর জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। বুধবার রাত ১০টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিকশায় যাত্রীবেশী ছিনতাইকারীরা এক মহিলার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনাটি দেখে এক রিকশাচালক এগিয়ে এসে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাটি দেখে স্থানীয়রা সিএনজি অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ জনতার কবল থেকে তিন ছিনতাইকারীকে উদ্ধার ও আটক করে থানায় নিয়ে যান। অন্যদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শামীম আহমদ বলেন, জনতার কবল থেকে তিন ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আটক ছিনতাইকারীরা হলো- রিয়ান, শফিক ও সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights