সাবেক প্রেমিকার বিরুদ্ধে ৪০ হাজার পাউন্ডের মামলা, জেতাল চ্যাটজিপিটি!

অনলাইন ডেস্ক

আইনজীবীর বিপুল ফি বহন করার সামর্থ্য না থাকায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তা নিয়ে সাবেক প্রেমিকার বিরুদ্ধে করা ৪০ হাজার পাউন্ডের মামলা জিতেছেন যুক্তরাজ্যের এক দমকলকর্মী। হিথ্রো বিমানবন্দরে কর্মরত ৪০ বছর বয়সী ক্রেইগ টিচেনার নিজেই আদালতে মামলাটি পরিচালনা করেন। এ ক্ষেত্রে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বুঝতে সহায়তা করেছে চ্যাটজিপিটি।

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। ওই বছর লটারিতে ২ লাখ পাউন্ড জেতেন ক্রেইগ। পরে ২০২২ সালে তৎকালীন প্রেমিকা হিদার ডগলাসকে ৪০ হাজার পাউন্ড বিনিয়োগের জন্য দেন। ৩৭ বছর বয়সী হিদার পেশায় একজন সাইকিয়াট্রিক নার্স।

চুক্তি অনুযায়ী, হিদার তার আর্থিক জ্ঞান কাজে লাগিয়ে ওই অর্থ প্রিমিয়াম বন্ডে বিনিয়োগ করবেন এবং সেখান থেকে পাওয়া লভ্যাংশ দুজনের মধ্যে ভাগ হবে। তবে সম্পর্কের অবসানের পর অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানান হিদার। তার দাবি ছিল, ক্রেইগ ওই অর্থ তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। একই সঙ্গে ক্রেইগের বিরুদ্ধে হয়রানি ও নিয়ন্ত্রণের অভিযোগও তোলেন তিনি।

আইনজীবীর ফি দেওয়ার সামর্থ্য না থাকায় শেষ পর্যন্ত নিজেই মামলাটি পরিচালনার সিদ্ধান্ত নেন ক্রেইগ। এ সময় আইনি সহায়তার জন্য তিনি চ্যাটজিপিটির সাহায্য নেন। সেন্ট্রাল লন্ডন কাউন্টি কোর্টে মামলা পরিচালনার জন্য প্রয়োজনীয় ফর্ম পূরণসহ বিভিন্ন ধাপ সম্পর্কে তাকে নির্দেশনা দেয় এআইটি।

আদালতের শুনানিতে হিদার ওই অর্থ উপহার হিসেবে পাওয়ার পক্ষে কোনো প্রমাণ কিংবা নিজের ব্যাংক স্টেটমেন্ট দাখিল করতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে ক্রেইগের পক্ষে রায় দেন আদালত।

ক্রেইগ বলেন, নিজে মামলা পরিচালনা করার সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল। তবে চ্যাটজিপিটির সহায়তা না পেলে মামলায় জয় পাওয়া তার জন্য সম্ভব হতো কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে। সূত্র : দ্য সান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights