কক্সবাজারে আবাসিক হোটেলে মিললো নারীর গলাকাটা মরদেহ
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে একটি আবাসিক হোটেলের বাথরুম থেকে কুলসুমা আক্তার (২৬) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে হোটেলে ওঠা এক যুবক পলাতক রয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল পাশে অবস্থিত আবাসিক হোটেল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
মৃত কুলসুমা ঈদগাঁও উপজেলার চাঁন্দেরঘোনা এলাকার মোহাম্মদ আলমের মেয়ে এবং মোহাম্মদ হারুনের স্ত্রী। স্বজনদের বরাতে পুলিশ জানায়, স্বামী হারুনের সঙ্গে কুলসুমার পারিবারিক বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন। বুধবার মামলার শুনানিতে তিন বছরের শিশুসন্তানকে নিয়ে আদালতে এসেছিলেন তিনি। পরে কীভাবে হোটেলে গেলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, হোটেলের রেজিস্টারে কুলসুমার সঙ্গে থাকা যুবক নিজের নাম ‘মোহাম্মদ আরফান’ উল্লেখ করেন। তবে নিহতের স্বজনরা এ নামে কাউকে চেনেন না। ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার পর থেকে সঙ্গে থাকা যুবকটি পলাতক। ওই যুবক কুলসুমার পরকীয়া প্রেমিক বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হোটেলের দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
