কালীগঞ্জে রুপসা পরিবহনের ধাক্কায় পৌর পরিদর্শক নিহত

ঝিনাইদহ প্রতিবেদকঃ
ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ উপজেলার বুজরুকমুন্দিয়া গ্রামের মৃত আবু বক্কর বিশ্বাসের ছেলে। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে আব্দুস সামাদ মোটরসাইকেলযোগে শহরের দিক থেকে যাচ্ছিলেন। এ সময় কুষ্টিয়াগামী দ্রুতগতির রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পৌরসভার কসাইখানা পরিদর্শক আব্দুস সামাদকে মৃত অবস্থায় দেখতে পান। দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে জানতে পেরেছেন, আহত ব্যক্তি আশঙ্কামুক্ত রয়েছেন। তবে তার পরিচয় তিনি জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights