পুলিশ কনস্টেবলের সঙ্গে হাতাহাতি, যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় কর্মরত এক পুলিশ কনস্টেবলের সঙ্গে হাতাহাতির ঘটনায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মো. ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত কার্যকর করে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসমাইল হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব সংগঠন নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানার গেটে গাড়ি রাখা নিয়ে ইসমাইল হোসেনের সঙ্গে থানায় কর্মরত কনস্টেবল ও গাড়িচালক মো. শফিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শফিক আহত হলে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, থানার গেটে গাড়ি রাখা নিয়ে কনস্টেবল শফিকের সঙ্গে ইসমাইল হোসেনের কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইসমাইল হোসেনকে আটক করা হয়েছিল। পরে তাকে ছাড়িয়ে নিতে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা থানায় ভিড় করেন। পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্তে উপজেলা পর্যায়ের দলীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে ইসমাইল হোসেনের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা গ্রহণ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights