ভারতের সীমান্তরক্ষীর গুলিতে ২ পাকিস্তানি নিহত
অনলাইন ডেস্ক
পাকিস্তানের কাসুরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের গুলিতে দুই বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
পাকিস্তান টিভি তাদের ‘এক্স’ দেওয়া এক পোস্টে জানায়, লাধার গ্রামের তিন বাসিন্দা সীমান্ত পিলারের বাইরে কয়েক পা এগিয়ে গেলে এ ঘটনা ঘটে। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান।
সূত্রগুলো জানায়, নিহতরা হলেন- আজমত রসুল ও মহসিন জুট। তারা দুজনই লাধার গ্রামের ‘জাত্তান ওয়ালি হাভেলি’ এলাকার বাসিন্দা। গুলিতে তৃতীয় ব্যক্তিও আহত হয়েছেন। ওই তিন ব্যক্তি নিরস্ত্র ছিলেন এবং সীমান্ত বেড়া অতিক্রমের কোনো চেষ্টা করেননি।
সূত্রগুলো আরও দাবি করেছে, এই গুলিবর্ষণ আন্তর্জাতিক সীমান্তসংক্রান্ত নিয়মকানুন এবং প্রচলিত প্রমিত কার্যপদ্ধতি (এসওপি) লঙ্ঘনের শামিল।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় এ ধরনের সংঘাতের ইতিহাস নতুন নয়। ২০১৬ সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে নিয়ন্ত্রণ রেখা ও ওয়ার্কিং বাউন্ডারিতে দুপক্ষের গোলাগুলিতে একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ২০২১ সালে দুই দেশ যুদ্ধবিরতির সমঝোতায় আসার পর কিছুদিন সীমান্ত শান্ত থাকলেও সাম্প্রতিক এই হত্যাকাণ্ড নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
