জানুয়ারির বিক্ষোভে জড়িত একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

অনলাইন ডেস্ক

ইরানে গত জানুয়ারিতে ঘটে যাওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশের দিকে গুলি ছোড়ার অভিযোগে আটক একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

বিচার বিভাগ জানিয়েছে, সিয়াভাশ জামশিদি খেইরাবাদী নামে ওই ব্যক্তি গত ৮ জানুয়ারি পুলিশের দিকে অন্তত তিনটি গুলি ছোড়ে। ওই ঘটনার দুই দিন পর দক্ষিণ-পশ্চিম ইরানের একটি শহর থেকে পিস্তলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

বিচার বিভাগ আরও জানিয়েছে, খেইরাবাদীর বিরুদ্ধে অনলাইনে বিক্ষোভকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ড সংগঠিত করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক তহবিল সংগ্রহের অভিযোগও উঠেছে, যদিও এসব কর্মকাণ্ডে তাকে কারা সমর্থন দিয়েছিল সেটি উল্লেখ করা হয়নি।

তবে ইরানে গত জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ও কর্মীদের দায়ী করে আসছে দেশটি। সূত্র: আল-আরাবিয়া, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights