ডিমের বাজারে ডিএসসিসির হঠাৎ অভিযান

অনলাইন ডেস্ক
ভোক্তা পর্যায়ে ডিমের দাম সহনীয় রাখা, অতিরিক্ত মুনাফা রোধ ও বাজারে শৃঙ্খলা ফেরাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন কাঁচাবাজারে একযোগে বিশেষ অভিযান চালানো হয়েছে।

শনিবার ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, বাসাবো বউ বাজার, নবাবগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ডিমের বাজারদর মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএসসিসি।

এসময় বাসাবো বউ বাজারে আইন অমান্য ও অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে দুটি মামলা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাসাবো বউ বাজারে (ওয়ার্ড-৪, অঞ্চল-২) অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় ব্যবসায়ীদের ডিমের বিক্রয়মূল্য, পাইকারি ক্রয় রশিদ ও মুনাফার পরিমাণ যাচাই করা হয়। অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।একই সঙ্গে ফুটপাত দখল করে রাখা মালামাল অপসারণ করা হয়।

ফকিরাপুল বাজারে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এবং কাপ্তান বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ডিমের বাজার তদারকি করেন। তারা বাজারে ডিমের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং কৃত্রিম সংকট তৈরি কিংবা অতিরিক্ত দামে ডিম বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন।

অন্যদিকে, অঞ্চল-৩-এর ২৩ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাজারে ডিমের দাম মনিটরিংয়ে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী।

অঞ্চল-৫-এর ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল মোল্লা।

ডিএসসিসি জানিয়েছে, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights