ইলন মাস্কের সঙ্গে বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা

অনলাইন ডেস্ক

ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা জানিয়েছেন তাঁর চার সন্তানের মা ও প্রযুক্তি নির্বাহী শিভন জিলিস। বিচ্ছেদের বিষয়টি প্রকাশ করার পাশাপাশি মাস্কের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি স্ক্রিনশটও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেছেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) দেওয়া পোস্টে জিলিস লেখেন, ‘কোনো পূর্বসংকেত ছাড়াই এক সপ্তাহের মধ্যে প্রেম থেকে বিচ্ছেদের পর্যায়ে চলে আসাটা কঠিন। তবে মাঝে মাঝে এমনটাই ঘটে।’

সম্পর্কের ইতি টানার ঘটনায় কষ্টের কথা জানালেও মাস্কের প্রতি মমতা প্রকাশ করেছেন জিলিস। তিনি লেখেন, ‘আমার কষ্ট হচ্ছে। তবে ইলনের প্রতি আমার গভীর মমতা রয়েছে এবং তাঁর সুখের জন্য সব সময় শুভকামনা জানাব। ভালো থেকো, ইলন। বিশ্ব তোমাকে পেয়ে ভাগ্যবান।’

জিলিসের ভাষ্য, তিনি ও তাঁদের সন্তানেরা ছিলেন মাস্কের জন্য নিরাপদ আশ্রয়। তাঁদের সঙ্গে সময় কাটানোর পরিবেশ ছিল আনন্দ ও ভালোবাসায় পূর্ণ, যা মাস্কের ব্যস্ত ও সংঘাতপূর্ণ জীবনের বিপরীত।

মাস্ক ও জিলিসের চার সন্তান হলো ২০২১ সালে জন্ম নেওয়া যমজ স্ট্রাইডার ও অ্যাজুর, ২০২৪ সালে জন্ম নেওয়া কন্যা আর্কাডিয়া এবং ২০২৫ সালের শুরুর দিকে জন্ম নেওয়া ছেলে সেলডন।

জিলিস লেখেন, ‘অনেক কিছু হারানোর বেদনা আছে। তবে সৌভাগ্য যে, আমরা আমার জীবনের চারটি সুন্দর ভালোবাসার মানুষকে পৃথিবীতে এনেছি।’

পোস্টের সঙ্গে প্রকাশ করা খুদে বার্তার স্ক্রিনশট অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর জিলিস মাস্ককে লেখেন, প্রাতরাশে তাঁর সঙ্গে দেখা করে ভালো লেগেছে এবং তিনি তাঁকে অনেক ভালোবাসেন। জবাবে মাস্কও লেখেন, ‘তোমাকেও ভালোবাসি।’

মাস্ক আরও জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে জিলিসকে আমন্ত্রণ জানানোর কথা তিনি আগে বুঝতে পারেননি। জবাবে জিলিস তাঁকে ধন্যবাদ জানান।

এর তিন দিন পর, ২৭ সেপ্টেম্বর, জিলিস লেখেন, ‘নতুন দিন, নতুন জীবন।’

এ বিষয়ে মাস্কের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। জিলিসের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র: পিপল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights