কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের নতুন চালান
পাবনা প্রতিনিধি
কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান। শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ইউরেনিয়ামবাহী বিশেষ গাড়িবহরটি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালানটি কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অত্যন্ত সুরক্ষিতভাবে পৌঁছানো সম্ভব হয়েছে।
প্রকল্প সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রাশিয়া থেকে ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে গাড়িবহরটি পাবনার উদ্দেশে রওনা হয়। তিনটি বিশেষ লরিতে ইউরেনিয়াম এবং একটি গাড়িতে প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম বহন করা হয়। গাড়িবহরের সঙ্গে ছিলেন রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও। যাত্রাপথে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি সর্বমোট নয়টি চালানে এই পারমাণবিক জ্বালানি দেশে আনা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যেই সবকটি চালান পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পের প্রকৌশলী ও কর্মকর্তারা আশা প্রকাশ করছেন, সার্বিক প্রস্তুতি সময়মতো শেষ হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।
