মিশরে বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান ও আম রপ্তানি বাড়ানোর আহ্বান

কায়রো (মিশর) প্রতিনিধি

মিশরে বাংলাদেশি প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বাংলাদেশের আম রপ্তানি বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং পোশাকশিল্পের বাজার সম্প্রসারণ নিয়ে মিশরে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে’র সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী।

মতবিনিময়কালে ড. কেরামত আলী বলেন, শিবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের প্রশিক্ষিত ও দক্ষ বেকার যুবকদের মিশরের শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা গেলে উভয় দেশই উপকৃত হবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থকরী ফসল আম, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম মিশরের বাজারে রপ্তানির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, মিশরে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশি পোশাকশিল্পের চাহিদা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এছাড়া হুন্ডির পরিবর্তে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স দেশে পাঠানোর সুযোগ বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

জবাবে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌতম কুমার দে বলেন, মিশরে বাংলাদেশি দক্ষ ও প্রশিক্ষিত শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে দূতাবাস কাজ করছে। মিশরের বিভিন্ন খাতে বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

তিনি জানান, মিশরের কৃষি, ফার্মাসিউটিক্যালস, সিরামিক, মৎস্য এবং খনিজ সম্পদ উত্তোলনসহ বিভিন্ন খাতে বাংলাদেশি প্রশিক্ষিত শ্রমিকদের নিয়োগের বিষয়টি বিবেচনা করছে মিশর সরকার। এ ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রস্তুত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতবিনিময়কালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights