প্রত্যাশিত যাত্রী নেই, দিনে লোকসান ১০ হাজার টাকা

বিশেষ প্রতিনিধি, বগুড়া

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় মাস দেড়েক আগে চালু করা হয় মহিলা বাস সার্ভিস। দুটি বাস নিয়মিত চলাচল করছে। তবে কর্তৃপক্ষ বলছে চালুর বেশ কিছু দিন হলেও প্রত্যাশিত যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে প্রতিদিন প্রায় ১০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। বগুড়া বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক শাহিনুল ইসলাম জানান, ‘লোকসান হলেও সরকারি এই সেবা চালু থাকবে। বগুড়া থেকে শেরপুরের সাধারণ ভাড়া ৬০ টাকা হলেও মহিলা বাস সার্ভিসে নেওয়া হচ্ছে ৩০ টাকা। আমরা অর্ধেক ভাড়ায় যাত্রীসেবা দিচ্ছি। জ্বালানি তেলের দাম বাড়লেও বিআরটিসি ভাড়া বাড়ায়নি।’

এদিকে যাত্রীদের অভিযোগ, বাসের সময়সূচি ও রুট নারীদের দৈনন্দিন যাতায়াতের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে নিরাপদ ও কম ভাড়ার এই সার্ভিস চালু হলেও কর্মজীবী নারীদের বড় অংশই তা ব্যবহার করতে পারছেন না। জানা যায়, নারীদের নিরাপদে যাতায়াতের জন্য বগুড়ায় দুটি মহিলা বাস সার্ভিস চালু করেছে সরকার। গত ১৮ আগস্ট বগুড়া বিআরটিসি বাস ডিপোয় মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। পরদিন দুটি বাস মাটিডালী-শেরপুর এবং বনানী-মোকামতলা রুটে চলাচল শুরু করে। প্রতিদিন সকাল ৭টায় বগুড়া বাস ডিপো থেকে একটি বাস ছেড়ে মাটিডালী থেকে শেরপুর যায়। পরে বিকাল ৪টায় শেরপুর থেকে ছেড়ে বাসটি বগুড়া ডিপোয় ফিরে আসে। অন্য বাসটি দুপুর ১২টায় ডিপো থেকে ছেড়ে মোকামতলা যায় এবং বিকাল ৪টায় সেখান থেকে ফিরে আসে। সরেজমিন দেখা গেছে, বেশির ভাগ সময়ই দুটি বাসের অধিকাংশ আসন ফাঁকা থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights