দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ: হাসপাতালে ভর্তি ৫৮ জন, অধিকাংশ রোগী ঢাকাফেরত

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ডেঙ্গু রোগের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জেলা জুড়ে বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পর্যন্ত জেলায় সর্বমোট ৬৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালে তিনটি পৃথক ওয়ার্ড (নারী ও পুরুষ ডেঙ্গু ওয়ার্ড) চালু রাখা হয়েছে। গত চার দিনে এই হাসপাতালে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে রোগীদের মশারির ভেতরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবার সুব্যবস্থা রয়েছে।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মোঃ গোলাম রসুল রাখি জানান, স্থানীয়ভাবে আক্রান্ত হওয়ার চেয়ে ঢাকা বা অন্যান্য স্থান থেকে ডেঙ্গু ভাইরাস বহন করে আসা রোগীর সংখ্যাই বেশি। এসব রোগী পরবর্তীতে দিনাজপুরের বিভিন্ন হাসপাতালে এসে চিকিৎসা নিচ্ছেন।
সামনে শীতকালে ডেঙ্গু পরিস্থিতি ও এডিস মশার বিস্তার নিয়ে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ধ্বংস এবং বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সর্বসাধারণকে আহ্বান জানানো হচ্ছে।
এদিকে ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসন, পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights