জিএসপি সুবিধা কাজে লাগাতে জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান
অনলাইন ডেস্ক
ইউরেশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে প্রবেশাধিকার বাড়াতে জিএসপি সুবিধা কাজে লাগানোর ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও জনশক্তি রপ্তানিতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে দ্বিতীয় পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শক সভার (এফওসি) ফাঁকে দেশটির তিন মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক উপমন্ত্রী মেদের তুমানোভের সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তৈরি পোশাক ও ওষুধশিল্পে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বৈত কর পরিহার, বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়েও আলোচনা করেন তারা।
দেশটির শ্রম, সামাজিক নিরাপত্তা ও অভিবাসনবিষয়ক প্রথম উপমন্ত্রী আরলেন আলিয়াসোভের সঙ্গে বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি এবং সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কিরগিজস্তানে নির্মাণ, বস্ত্র, ওষুধশিল্প, কৃষি ও ডিজিটাল সেবায় কর্মীর চাহিদা রয়েছে।
এ ছাড়া বিজ্ঞান, উচ্চশিক্ষা ও উদ্ভাবনবিষয়ক মন্ত্রী গুলজাত ইসামাতোভার সঙ্গে বৈঠকে শিক্ষার্থী বিনিময়, বৃত্তি, যৌথ গবেষণা ও ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন তাসখন্দে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনিরুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব ইউরোপ ও সিআইএস) এস এম মাহবুবুল আলম।
