বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে ছাড় নয় : হানিফ

অনলাইন ডেস্ক

আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। নৈরাজ্যের বিরুদ্ধে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিকভাবেও জবাব দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার যুবলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটির আয়োজন হয়।

হানিফ বলেন, বিএনপি আবার আন্দোলনের খেলা শুরু করেছে। শান্তিপূর্ণভাবে যদি কর্মসূচি পালন করে, গণতান্ত্রিকভাবে যদি আন্দোলন করে কোনো আপত্তি নাই। আন্দোলনের নামে যদি নৈরাজ্য সৃষ্টি করে তাহলে ছাড় দেওয়া হবে না। সরকার আছে, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী আছে ব্যবস্থা নেওয়া হবে। আর রাজনৈতিকভাবেও আওয়ামী লীগ জবাব দেবে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হওয়ার পর সেখানে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিল। কই, খালেদা জিয়ার জন্য তো কেউ রাস্তায় নামেনি। অতীতে খালেদা জিয়ার সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে সরকারের ভিত নড়িয়ে দিয়েছিল যুবলীগ। সেই যুবলীগ থাকতে, আওয়ামী লীগ থাকতে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমি যুব লীগের নেতাকর্মীদের বলতে চাই, অতীতে যেভাবে নৈরাজ্য দমনে যুবলীগ ভূমিকা রেখেছে আগামীতেও সেই ভূমিকা রাখবে। যুবলীগের কাছে এটা প্রত্যাশা।

সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম। বক্তব্য দেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, উত্তরের জাকির হোসেন বাবলু, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights