ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল প্যালেসে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাডেনের ঐতিহাসিক আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকারের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই প্রাসাদে বর্তমান সংঘাত শুরুর পর এটিই প্রথম কোনো সরাসরি হামলা।

রক্তক্ষয়ী এই হামলায় অন্তর্বর্তীকালীন সরকারের ৫ জন কর্মচারী ও নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মুআম্মার আল-ইরিয়ানি নিশ্চিত করেছেন যে, হামলার সময় প্রাসাদে অবস্থান করলেও প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি এবং তার মন্ত্রিসভার সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হামলায় নিহত ও আহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষী এবং বেসামরিক কর্মচারীরা রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজপ্রাসাদ এলাকা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়।

হামলার দায় স্বীকার করে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, তারা অ্যাডেনে অবস্থিত সৌদি সামরিক অভিযানের প্রধান কার্যালয় লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তিনি সতর্ক করে বলেন, সৌদি সমর্থিত ও তাদের যেকোনো সেনা পুনঃশক্তিবৃদ্ধির প্রচেষ্টাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই নিশানা করা হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইয়েমেনি সরকারের এক কর্মকর্তা জানান, প্রাসাদের ভেতরে থাকা সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ড সেন্টার ও সদর দফতর লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বিদ্রোহীরা, যাতে বেশ কয়েকজন ইয়েমেনি ও সৌদি সদস্য হতাহত হয়েছেন।

সংঘাতের এই নতুন রূপ পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একই সময়ে সৌদি আরবের ভেতরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দফায় দফায় হামলা চালিয়েছে হুতিরা। অতি সম্প্রতি রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, যার মধ্যে সাম্প্রতিক এক হামলায় ১৩ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হন। বিমান চলাচলে চরম ঝুঁকি তৈরি হওয়ায় অঞ্চলটির আকাশসীমায় হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হচ্ছে, যা বিশ্ব বাজারেও বড় ধরনের প্রভাব ফেলছে।

ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের এই আগ্রাসী পদক্ষেপে চার বছরের আপেক্ষিক শান্তির পর আবারও দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের ভয়াবহতা দেখা দিয়েছে। বিশেষ করে হুতি অবরুদ্ধ তৃতীয় বৃহত্তম শহর তাইজে খাদ্য ও জ্বালানির তীব্র সংকট তৈরি হওয়ায় চরম মানবিক বিপর্যয় ঘনীভূত হচ্ছে।

এই পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক যৌথ বিবৃতিতে সৌদি আরবসহ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের এই অবিরাম ও বিপজ্জনক হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights