ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই জনসচেতনতার ওপর নির্ভরশীল: ডিএসসিসি প্রশাসক

অনলাইন ডেস্ক
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধের ৮০ শতাংশই জনসচেতনতার ওপর নির্ভর করে। তবে এ ক্ষেত্রে সরকারের দায়িত্বও অস্বীকার করার সুযোগ নেই।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি নিয়মিত এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রী যেকোনো সময় হাসপাতাল ও আবাসিক এলাকা পরিদর্শনে যেতে পারেন—এমন নির্দেশনার পর পরিচ্ছন্নতা ও ময়লা সংগ্রহ কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যত্রতত্র পলিথিন ফেলার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এসময় ডেঙ্গুবিরোধী অভিযানে আদায় করা জরিমানার অর্থ ডেঙ্গুতে মৃত ব্যক্তিদের পরিবারকে অনুদান হিসেবে দেওয়ার প্রস্তাবকে স্বাগত জানান আবদুস সালাম। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলেও আশ্বাস দেন তিনি।

এ ছাড়া ডেঙ্গুর টিকা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য হলে তা দ্রুত আমদানির উদ্যোগ নেওয়ার কথাও জানান ডিএসসিসি প্রশাসক।

গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় সম্মিলিত দায়িত্বের ওপর গুরুত্বারোপ করে আবদুস সালাম বলেন, রাষ্ট্র সবার। গণতন্ত্র রক্ষা ও দেশকে এগিয়ে নিতে সরকার, বিরোধী দল এবং জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights