‘ট্রাম্পের জন্য কাজ করতে পারাটা ছিল সম্মানের’
অনলাইন ডেস্ক
নিয়োগের মাত্র পাঁচ দিন পর চাকরি হারিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। গত সপ্তাহে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। কিন্তু এক সপ্তাহ না যেতেই চাকরি হারালেন ডোনাল্ড ট্রাম্পের এই মুখপাত্র।
বরখাস্ত হওয়ার পর শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা দিয়েছেন কেটি জাকারিয়া। সেখানে তিনি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে বলেন ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারা তার জন্য সম্মানের বিষয়।
পোস্টে জাকারিয়া লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন দয়ালু, অসাধারণ, উদার, বিচক্ষণ, উদ্যমী ও পরিশ্রমী মানুষ। আরও বেশি মার্কিন নাগরিক যদি তাকে যথাযথভাবে মূল্যায়ন করতেন, তাহলে ভালো হতো।’
তিনি আরও বলেন, ‘তিনি যেভাবে আমেরিকাকে মহান করেছেন এবং এখনো করে চলেছেন, অন্য কেউ তা কখনো পারবে না।’
জাকারিয়া যোগ করেন, ‘তার (ট্রাম্প) জন্য কাজ করতে পারাটা ছিল সম্মানের।’
এর আগে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি জাকারিয়াকে তার চাকরির বিষয়টি নিয়ে নতুন করে ভাবার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সংবাদমাধ্যম জাকারিয়ার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এর আগে আনাদোলুকে নিশ্চিত করেছিলেন, জাকারিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন জাকারিয়া। তবে তার প্রথম সংবাদ সম্মেলন মাত্র ১৫ মিনিট স্থায়ী হয়। তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেওয়ার পরই তিনি সংবাদ সম্মেলন শেষ করেন।
সূত্র: আনাদোলু
