গজারিয়ার ফুলদী নদীতে নিখোঁজ শিশু রাফির মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মো. আবু বক্কর সিদ্দিকী রাফি (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৪৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে খবর আসে, মধ্য ভাটের চর এলাকায় পাঁচ বন্ধু ফুলদী নদীতে গোসল করতে নামে। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও রাফি নিখোঁজ হয়।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। রবিবার সকালে ডুবুরি দলের অভিযান শুরুর প্রস্তুতিকালে নদীতে শিশুটির মরদেহ ভেসে ওঠার খবর পাওয়া যায়।
নিহত রাফির বাবার নাম খায়রুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে গজারিয়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। জীবিকা নির্বাহের জন্য একটি চায়ের দোকান পরিচালনা করেন তাঁর বাবা। তাঁদের স্থায়ী বাড়ি নড়াইল জেলায়।
