১৩২ বলে ০ রান, তবু ম্যাচের নায়ক অস্ট্রেলীয় ব্যাটার
স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টির যুগে ব্যাটারদের লক্ষ্য যেখানে দ্রুত রান তোলা, সেখানে ১৩২ বল খেলে এক রানও না করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটার ম্যাক্স ফিল্ড। তাঁর অসাধারণ ধৈর্যশীল ব্যাটিংয়ে ড্র হয়েছে দুই দিনের একটি ম্যাচ। রান না করেও দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি।
ক্রিকেটে ব্যাটারদের সাফল্য সাধারণত রান, চার-ছক্কা কিংবা সেঞ্চুরি দিয়ে বিচার করা হয়। তবে কখনো কখনো উইকেট ধরে রাখাও হয়ে ওঠে বড় অর্জন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লর্ন পার্কে জেলা ক্রিকেটের দ্বিতীয় গ্রেডের দুই দিনের ম্যাচে সেই উদাহরণই তৈরি করেছেন ইস্টার্ন সাবআর্বসের ওপেনার ম্যাক্স ফিল্ড।
সম্প্রতি নর্দার্ন সাবআর্বস ও ইস্টার্ন সাবআর্বসের মধ্যকার ম্যাচের শেষ দিকে দলের বিপদ সামাল দিতে ক্রিজে অবিচল থাকেন ফিল্ড। প্রতিপক্ষের বোলারদের লক্ষ্য ছিল দ্রুত উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করা। অন্যদিকে, ফিল্ডের লক্ষ্য ছিল যতক্ষণ সম্ভব উইকেট আগলে রাখা।
সেই লক্ষ্যে ১৩২ বল মোকাবিলা করেও কোনো রান করেননি তিনি। তাঁর এই ধৈর্যশীল ব্যাটিং শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নর্দার্ন সাবআর্বস ৭ উইকেটে ৪৫৪ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ইস্টার্ন সাবআর্বসের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ২০৩ রানে। ফলে ফলোঅনে পড়ে দলটি।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চাপে থাকা ইস্টার্নের লক্ষ্য ছিল উইকেট ধরে রেখে ম্যাচ বাঁচানো। ৪৬ ওভারে ৬৬ রান তোলার পর দুই দলের অধিনায়ক ড্র মেনে নেন। এই ইনিংসেই ১৩২ বল খেলে শূন্য রানে অপরাজিত থাকেন ফিল্ড।
