জিতলেই হবে না, ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে

অনলাইন ভার্সন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে শুধু জয় পেলেই চলবে না, বাংলাদেশকে জিততে হবে নির্দিষ্ট ব্যবধানে। নেট রান রেটের হিসাব মেলাতে না পারলে জিতেও ফাইনাল থেকে ছিটকে যেতে পারে টাইগাররা।

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ে সিরিজে শুভসূচনা করেছে দলটি। আগামী ২১ অক্টোবর শারজাহতে লিগ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বর্তমানে আফগানিস্তান ও জিম্বাবুয়ের পয়েন্ট ২ করে। এক ম্যাচ খেলে জয় পাওয়া আফগানিস্তানের নেট রান রেট ৩.১৬০। অন্যদিকে দুই ম্যাচে একটি জয় ও একটি হার নিয়ে জিম্বাবুয়ের নেট রান রেট -০.৫৯০। এক ম্যাচ খেলে হেরে যাওয়া বাংলাদেশের পয়েন্ট শূন্য, নেট রান রেট -১.৯৮০।

বাংলাদেশকে ফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেটেও এগিয়ে থাকতে হবে। বাংলাদেশ আগে ব্যাট করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। অন্যদিকে পরে ব্যাট করলে লক্ষ্য তাড়া করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে।

আফগানিস্তান আগে ব্যাট করে বাংলাদেশকে ২০০ রানের লক্ষ্য দিলে ৪০.৩ ওভারের মধ্যে জিততে হবে টাইগারদের। ২৫০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আর ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে হলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

তবে রান তাড়া করার ক্ষেত্রে শেষ বলে চার বা ছক্কা মেরে স্কোর সমান করার পরিস্থিতি তৈরি হলে হিসাব কিছুটা বদলাবে। ২০০ রানের লক্ষ্য তাড়ায় স্কোর সমান করে চার মারলে ৪১.১ ওভারের মধ্যে এবং ছক্কা মারলে ৪১.৪ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২৫০ রানের লক্ষ্য তাড়ায় এই সময়সীমা যথাক্রমে ৪২.১ ও ৪২.৩ ওভার। আর ৩০০ রানের লক্ষ্য তাড়ায় চার ও ছক্কা মারার ক্ষেত্রে সময় পাওয়া যাবে যথাক্রমে ৪২.৫ ও ৪৩.২ ওভার পর্যন্ত।

অন্যদিকে বাংলাদেশের কাছে ৩৯ বা তার চেয়ে কম রানে হারলে নেট রান রেটের হিসাবে ফাইনালে উঠতে পারবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। বাংলাদেশ ২১৮ রান বা তার বেশি ব্যবধানে জিতলে আফগানিস্তান বাদ পড়বে এবং ফাইনালে উঠবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তবে ২১৬ রানের ব্যবধানে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে আফগানিস্তানের।

সব মিলিয়ে বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার পথ বেশ কঠিন। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয় নিশ্চিত করার পাশাপাশি নেট রান রেটের হিসাবও মাথায় রাখতে হবে টাইগারদের। আগামী ২৩ অক্টোবর শারজাহতেই অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights