ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ

অনলাইন ডেস্ক

ইউক্রেনের হামলায় রাশিয়ার শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান ইয়ানডেক্সের তথ্যকেন্দ্রগুলো (ডেটা সেন্টার) বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেন, যাতায়াত ও দৈনন্দিন ডিজিটাল সেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো রুশ নাগরিক। মূলত ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোয় রাশিয়ার হামলার জবাবে পাল্টা এই পদক্ষেপ নিয়েছে কিয়েভ।

ইয়ানডেক্সকে প্রায়ই ‘রাশিয়ার গুগল’ বলা হয়। দেশটির দৈনন্দিন জীবনে এর সেবাগুলো গভীরভাবে যুক্ত। চলতি মাসের শুরুতে কয়েক দিন ধরে ইয়ানডেক্সের পাঁচটি প্রধান ডেটা সেন্টারের তিনটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী জানান, তারা ট্যাক্সি বা খাবার অর্ডার করতে পারছেন না। ফাইল সংরক্ষণের সেবাও ব্যাহত হয়। এমনকি ডিজিটাল চাবি কাজ না করায় অনেকে নিজের ঘরেও ঢুকতে পারেননি।

সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ইয়ানডেক্স পে ব্যবহারকারীরা। সেন্ট পিটার্সবার্গের ব্লগার ইরিনা জানান, চার দিন ধরে তিনি নিজের জমানো টাকা তুলতে পারেননি। ফলে বাড়িভাড়া ও সন্তানের খাবার কেনা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। মস্কোর তিন ট্যাক্সিচালক জানান, অ্যাপ বন্ধ থাকায় তারা আয়ের হিসাব দেখতে বা টাকা তুলতে পারেননি।

গত ৯ অক্টোবর ইয়ানডেক্স জানায়, হামলায় তাদের কোনো কর্মী হতাহত হয়নি এবং সেবা স্বাভাবিক করার কাজ চলছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি। তিনি বলেন, ইয়ানডেক্স একটি শক্তিশালী প্রতিষ্ঠান; তাই ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে কথা বলার সময় এখনো আসেনি।

ইয়ানডেক্স ছাড়াও সম্প্রতি রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সারবারব্যাংক এবং প্রযুক্তিপ্রতিষ্ঠান ভিকে-এর ডেটা সেন্টারেও হামলা হয়েছে।

এর আগে ইউক্রেনের ডেটা সেন্টারগুলোতে হামলা বাড়ায় মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেনীয়দের ইন্টারনেট বিচ্ছিন্ন করার রুশ চেষ্টার জবাবেই এসব হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের চাপ থাকায় ইউক্রেন এখন ডেটা সেন্টারগুলোকে নতুন লক্ষ্যবস্তু বানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights