মেয়েদের আইপিএলের নিলামে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার

অনলাইন ডেস্ক

মেয়েদের আইপিএল হিসেবে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) আসন্ন আসরের নিলামে জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। আগামী ২৮ অক্টোবর ভারতের কেরালা রাজ্যের কোচিতে অনুষ্ঠিত হবে এই নিলাম।

সর্বশেষ আসরের নিলামে বাংলাদেশের মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান ছিলেন। তবে এবার নিলামের চূড়ান্ত তালিকায় তাদের কারও নাম নেই। সব মিলিয়ে ২৭টি জায়গার বিপরীতে ১৪৬ জন ক্রিকেটার নিলামের জন্য নিবন্ধিত হয়েছেন। তাদের মধ্যে ১১৯ জন ভারতীয় এবং ২৭ জন বিদেশি ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটাররা এবার নিবন্ধন করেননি, নাকি নিবন্ধন করেও চূড়ান্ত তালিকায় জায়গা পাননি, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছে। গত মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে ভারতে অনুষ্ঠিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ নেয়নি বাংলাদেশ। এ ছাড়া গত আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে ভারতের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার সূচি থাকলেও সফরটি স্থগিত করে বিসিসিআই।

তবে এসব ঘটনার সঙ্গে মেয়েদের আইপিএলের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের অনুপস্থিতির কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এবারের নিলামে সর্বোচ্চ ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে রয়েছেন সোফি ডাঙ্কলি ও সোফি মলিনিউ। ৪০ লাখ রুপির ক্যাটাগরিতে আছেন জেস জোনাসেন, হেইদার গ্রাহাম, কিরান নাভগিরে ও জি কমলিনী। এ ছাড়া ৩০ লাখ রুপির ভিত্তিমূল্যে নিবন্ধন করেছেন ৩০ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে রয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও অস্ট্রেলিয়ার গ্রেস হ্যারিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights