ইয়ামালের পায়ে বলই রাখতে দেব না: পিএসজি কোচ
অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ম্যাচে লামিনে ইয়ামালকে থামানোর কৌশলের কথা জানালেন প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) কোচ লুইস এনরিকে। তিনি বলেন, সবচেয়ে কার্যকর উপায় হবে প্রতিপক্ষের পায়ে বল না যেতে দেওয়া। আমরা ইয়ামালের পায়ে বলই রাখতে দেব না। সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এমন পরিকল্পনার কথা জানান।
পিএসজি কোচ বলেন, ‘লামিনে ইয়ামালকে থামানোর সেরা উপায় হলো বার্সেলোনার কাছ থেকে বল দূরে রাখা। সে বল না পেলে সবকিছু শান্ত থাকবে। এটাই আদর্শ পরিস্থিতি। তবে বার্সেলোনা ও ইয়ামালের বিপক্ষে খেলা যে কঠিন, তা আমরা জানি।’
এর আগে, গত বছর বার্সেলোনার মাঠে দুই দলের লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছিল পিএসজি। সাম্প্রতিক সময়ে দুই দলের ম্যাচে ইয়ামাল ও পিএসজির পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্ডেসের দ্বৈরথ ছিল আলোচনায়। তবে চোটের কারণে এবার খেলতে পারছেন না মেন্ডেস। ফলে ইয়ামালকে সামলানোর দায়িত্ব অন্য ডিফেন্ডারদের ওপর পড়তে পারে।
এনরিকের মতে, শুধু ইয়ামালকে আটকানোর পরিকল্পনা করলেই হবে না, বার্সেলোনার পুরো দলকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তিনি বলেন, ‘এমন শক্তিশালী দলকে থামাতে হলে সতর্ক থাকতে হবে এবং দলগতভাবে খেলতে হবে। শুধু ইয়ামাল নয়, রাফিনিয়া, পেদ্রিসহ তাদের আরও অনেক দুর্দান্ত খেলোয়াড় রয়েছে।’
১৯ বছর বয়সী ইয়ামাল চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার ১১টি ম্যাচে তার গোল নয়টি, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি গোল। ফলে পিএসজির রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা অপেক্ষা করছে।
বার্সেলোনায় নিজের খেলার ধরন ও অবস্থানের কারণে ইয়ামালকে প্রায়ই লিওনেল মেসির সঙ্গে তুলনা করা হয়। বর্তমানে বার্সার ১০ নম্বর জার্সিও তাঁর গায়ে। তবে এমন তুলনায় এখনই যেতে রাজি নন এনরিকে। বার্সেলোনার সাবেক এই কোচ বলেন, ‘আমার মনে হয়, ইয়ামাল নিজের মতো থাকতে চায় এবং সে খুব ভালো করছে। সে খেলার প্রতিটি দিকেই উন্নতি করছে। কিন্তু তাকে যদি সর্বকালের সেরা খেলোয়াড়ের সঙ্গে তুলনা করা হয়, তাহলে জয়ী হবেন একজনই।’
এনরিকে মনে করেন, ভবিষ্যতে ইয়ামালকে নিয়ে আরও বড় আলোচনা হতে পারে। তবে এই মুহূর্তে মেসির সঙ্গে তুলনা না করে তার নিজের খেলায় মনোযোগ দেওয়াই ভালো।
প্যারিসের পার্ক দে প্রিন্সেসে দুই ইউরোপীয় পরাশক্তির লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা। চলতি মৌসুমে বার্সেলোনা নিজেদের ম্যাচগুলোতে ধারাবাহিক জয় পেয়েছে এবং প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও দুই দলই প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়েছে।
তবে ম্যাচটিকে ঘিরে ব্যাপক প্রত্যাশা থাকলেও এনরিকে এখনই শিরোপার হিসাব-নিকাশে যেতে চান না। তার মতে, প্রতিযোগিতার আসল লড়াই শুরু হবে আগামী বছরের এপ্রিলে।
তিনি বলেন, দুই দলই শিরোপার অন্যতম দাবিদার। তবে আরও অনেক দল রয়েছে। প্রতিযোগিতা এখনো শুরু হয়েছে মাত্র। এপ্রিলে যারা টিকে থাকবে, তারাই ট্রফির জন্য লড়বে। মঙ্গলবারের ম্যাচটি কঠিন হবে, কিন্তু এখানে লড়াই মাত্র তিন পয়েন্টের।
সূত্র: ইএসপিএন
