ট্রাম্পের সমর্থনের পরও ভ্যান্সের অবস্থানে হতাশ নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানানোর এক দিন পর ভিন্ন অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার বিষয়ে সরাসরি সম্মতি না জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনই এখন তাঁর প্রধান মনোযোগ।

সোমবার (১৯ অক্টোবর) সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ভ্যান্স। খবর এনডিটিভি ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

ভ্যান্স বলেন, ‘আমেরিকার কিংবা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সমর্থনটি প্রেসিডেন্টের।’ এরপর তিনি বলেন, ‘আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করি। আর এখন আমার মনোযোগ মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে। তাই আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।’

আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে রোববার নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। অন্যদিকে, ভ্যান্স নেতানিয়াহুর বিরোধিতা করছেন, এমন কথাও বলেননি।

এর আগে চলতি বছরের বসন্তে হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের নির্বাচনী প্রচারে অংশ নিয়েছিলেন ভ্যান্স। পরে অরবানের দল সংসদ নির্বাচনে পরাজিত হয়। বিদেশি নেতার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার নজির থাকলেও এবার ইসরায়েলের নির্বাচনে সরাসরি অবস্থান নেওয়া থেকে বিরত থাকছেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে মতপার্থক্য

ভ্যান্সের এই অবস্থান এমন সময়ে সামনে এল, যখন রিপাবলিকান দলের ইহুদি সমর্থকদের একাংশের মধ্যে ইহুদি আমেরিকানদের প্রতি তাঁর অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল কৌশলগত সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইহুদিবিদ্বেষ নিয়েও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে।

রিপাবলিকান নেতারা মিশিগানে ডেমোক্র্যাটিক দলের সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদসহ কয়েকজন ডেমোক্র্যাটকে ইহুদি ও ইসরায়েলবিরোধী হিসেবে তুলে ধরছেন। অন্যদিকে, রিপাবলিকান শিবিরের ভেতরেও এ নিয়ে মতবিরোধ রয়েছে।

সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে ভ্যান্সের সম্পর্ক নিয়েও বিতর্ক রয়েছে। গত বছর কার্লসন তাঁর পডকাস্টে ইহুদিবিদ্বেষী হিসেবে পরিচিত নিক ফুয়েন্তেসের সাক্ষাৎকার নেওয়ায় সমালোচনার মুখে পড়েন।

ইরান ইস্যুতে নেতানিয়াহু সরকারের সমালোচনা

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগের বিরোধিতা করায় ইসরায়েল সরকারের কয়েকজন সদস্যের সমালোচনা করেছেন ভ্যান্স। গত জুনে তিনি বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পই বর্তমানে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান, যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। ইসরায়েলি কর্মকর্তাদের সতর্ক করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে ফেললে ইসরায়েলকে বড় মূল্য দিতে হতে পারে।

ভ্যান্সের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার প্রায় দুই-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্রে তৈরি এবং মার্কিন করদাতাদের অর্থে কেনা। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইসরায়েলের সমস্যা হিসেবে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

গত জুলাইয়ে জো রোগানের পডকাস্টে অংশ নিয়ে ভ্যান্স অভিযোগ করেন, ইসরায়েল সরকারের কিছু অংশ ইরানের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে মার্কিন জনমত প্রভাবিত করার চেষ্টা করেছে। তাঁর দাবি, যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার পক্ষে জনসমর্থন তৈরিরও চেষ্টা হয়েছে।

ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপ

এর আগে ইরান যুদ্ধের পরিস্থিতি ও সম্ভাব্য পরিণতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ভ্যান্সের উত্তপ্ত ফোনালাপ হয়েছিল বলে জানিয়েছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর আশাবাদী মূল্যায়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন ভ্যান্স।

যুদ্ধের আগে নেতানিয়াহু ট্রাম্পকে পরিস্থিতি সহজ হবে এবং ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা বেশি, এমন ধারণা দিয়েছিলেন বলে এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান।

ফোনালাপের পর যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা অভিযোগ করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা রাখা ভ্যান্সকে দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েলের কিছু অংশ। দীর্ঘমেয়াদি বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধী ভ্যান্স বর্তমানে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে ইরান নিয়ে আলোচনায় যুক্ত রয়েছেন।

ওই কর্মকর্তার অভিযোগ, ভ্যান্স সমঝোতায় পৌঁছাতে বেশি আগ্রহী, এমন ধারণা ছড়িয়েও তাঁকে দুর্বল করার চেষ্টা করা হয়েছে। অ্যাক্সিওসকে তিনি বলেন, ‘এটি জেডি-র বিরুদ্ধে ইসরায়েলের একটি অভিযান।’ তবে এসব অভিযোগের বিষয়ে ইসরায়েল সরকারের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তথ্যসূত্র: এনডিটিভি, অ্যাসোসিয়েটেড প্রেস ও অ্যাক্সিওস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights