দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রতিমন্ত্রী পুতুলের
পূজার আনন্দমুখর পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজারিদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।”
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হাফিজুর রহমান, সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা।
