আদিবাসীদের জন্য এমন কিছু করতে চাই, যাতে সারা জীবন মনে রাখেন: প্রযুক্তিমন্ত্রী
টাঙ্গাইল প্রতিনিধি
মধুপুরের গারো, কোচ ও বর্মণ জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নে সমস্যা চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম।
তিনি জানান, আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন কিছু করতে চান, যাতে তাঁরা তাঁকে সারা জীবন মনে রাখেন।
বুধবার টাঙ্গাইলের মধুপুরে মধুপুর (আবিমা) গড়াঞ্চলের গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর উদ্যোগে পীরগাছা থাংয়ানি ক্রেডিট প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আদিবাসী জনগোষ্ঠীর সমস্যা ও প্রত্যাশাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা জরুরি। এ জন্য তাঁদের দাবি ও সমস্যার বিস্তারিত তথ্য লিখিতভাবে উপস্থাপন করতে হবে। এসব তথ্য পর্যালোচনা করে তিনি প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে বিষয়গুলো তুলে ধরবেন, যাতে বাস্তবসম্মত সমাধানের পথ বের করা যায়।
ফকির মাহবুব আনাম বলেন, আদিবাসী তরুণ-তরুণীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
মধুপুরের আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, ডিজিটাল ল্যাব স্থাপন, সড়ক যোগাযোগের উন্নয়ন ও মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের মতো বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। তথ্যপ্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, জনগণের ভোট ও আস্থার মর্যাদা রক্ষা করতে হলে তাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আদিবাসী নেতৃবৃন্দকে তাদের দাবি ও প্রত্যাশা সুসংগঠিতভাবে তুলে ধরার আহ্বান জানান এবং সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস দেন।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে আয়োজকরা তাদের প্রথাগত পদ্ধতিতে নেচে গেয়ে মন্ত্রীকে স্বাগত জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা এর সভাপতিত্বে অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র ও জাতি গোষ্ঠী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মৃগেন হাগিদক, অজয় এ মৃ, আদিবাসী যুব ও ছাত্র প্রতিনিধি জুয়েল রেটিং, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গারো, কোচ ও বর্মণ জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
